গত বছরের চতুর্থ প্রান্তিকে প্রত্যাশিত সম্প্রসারণ ও আয় করতে পারেনি টুইটার। বিজ্ঞাপন থেকে আয় কমার কারণে মাইক্রোব্লগিং সাইটটির সার্বিক আয় কমেছে। খবর রয়টার্স ও নিউইয়র্ক টাইমস।

গত বছর টুইটার কর্তৃপক্ষ ২০২৩ সালের মধ্যে ১০ কোটি নতুন গ্রাহক আকর্ষণ এবং আয় দ্বিগুণের উচ্চাভিলাসী পরিকল্পনা হাতে নেয়। কিন্তু সাম্প্রতিক আয়-ব্যয়ের উপাত্তে উঠে এসেছে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কাঙ্ক্ষিত আয় ও সম্প্রসারণ করতে পারেনি সোস্যাল সাইটটি।

বৃহস্পতিবার টুইটার জানায়, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ১৫৬ কোটি ডলার আয় করেছে। গত বছরের একই প্রান্তিকের আয়ের চেয়ে যা ৩৪ শতাংশ কম। কাঙ্ক্ষিত আয় ও সম্প্রসারণ করতে না পারলেও কোম্পানিটি জানায়, ২০২৩ সালের মধ্যে ৩১ কোটি ৫০ লাখ ব্যবহারকারী এবং ৭৫০ কোটি ডলার বার্ষিক আয়ের দিকে ‘লক্ষণীয় অগ্রগতি’ অর্জন করেছে। তাদের মনিটাইজ করা বিজ্ঞাপন দেখে এমন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা গত প্রান্তিকে ২১ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে, যা ২০২০ সালের একই প্রান্তিকের চেয়ে বেড়েছে ১৩ শতাংশ।

গত নভেম্বরে নতুন সিইও হিসেবে পরাগ আগরাওয়ালের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম আয়ের উপাত্ত প্রকাশ।

গত প্রান্তিকে বিজ্ঞাপন থেকে আয় ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪১ কোটি ডলার। তবে বিশ্লেষকদের ১৪৩ কোটি ডলার আয়ের পূর্বাভাস থেকে কম। টুইটারের মুখ্য আর্থিক কর্মকর্তা (সিএফও) নেড সেগাল জানান, অবকাশ মৌসুমের শুরুতে বিজ্ঞাপনের যে রকম চাহিদা ছিল গত প্রান্তিকের শেষের

দিকে তেমনটা ছিল না। ক্লিকসহ টোটাল এড এনগেজমেন্ট কমেছে ১২ শতাংশ। গত বছর অ্যাপলের প্রাইভেসি নীতিমালায় পরিবর্তন চতুর্থ প্রান্তিকের আয়ে তেমন প্রভাব

ফেলেনি। তবে ভবিষ্যতে তাদের বিজ্ঞাপন থেকে আয়ের ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সেগাল।

গত প্রান্তিকে তাদের নতুন ব্যবহারকারী এসেছে ৬০ লাখ। ২০২৩ সালের শেষ নাগাদ যদি ৩১ কোটি ৫০ লাখ ব্যবহারকারী পেতে চায়, তাহলে তাদের আগামী প্রতি প্রান্তিকে ১ কোটি ২০ লাখ করে গ্রাহক পেতে হবে।

চতুর্থ প্রান্তিকে যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ গ্রাহক পেয়েছে টুইটার। এছাড়া বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে এসেছে ৫০ লাখ। ২০২১ সালে টুইটারের মোট আয় হয়েছে ৫০৮ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে বেড়েছে ৩৭ শতাংশ।

চলতি বছরের প্রথম প্রান্তিক নিয়ে টুইটারের পূর্বাভাস, কোম্পানিটি ১১৭-১২৭ কোটি ডলার আয় করতে পারে।