২০২৫ সাল নাগাদ আরএফ মিররলেস লেন্সের উৎপাদন দ্বিগুণের বেশি বাড়ানোর পরিকল্পনা করছে ক্যানন। এছাড়া আগামী চার বছরে ৩২টির বেশি মডেল বাজারে আনবে প্রতিষ্ঠানটি। সব শেষ আয়ের প্রতিবেদন অনুসারে তথ্যটি জানিয়েছে ক্যানন রিউমার্স। আয়-ব্যয়ের উপাত্তে দেখা গেছে, ২০২০-২১ অর্থবছরে উৎপাদিত নতুন আটটি মডেলের মতো এবারো লেন্স বাজারে ছাড়ার একই রকম গতি ধরে রাখার পরিকল্পনা রয়েছে। যদি এ গতি প্রতিষ্ঠানটি ধরে রাখতে পারে তাহলে চার বছরে প্রায় ৬০টি ফুল ফ্রেম আরএফ লেন্স বাজারে আসবে।

ক্যাননের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফুজিও মিতারাই বলেছেন, স্মার্টফোনের কারণে প্রাথমিক পর্যায়ের লেন্সগুলোর চাহিদা একেবারে কমে গেছে। তবে উচ্চপর্যায়ের লেন্সগুলোর চাহিদা এখনো বেশি। খবরে বলা হয়েছে, বাজার ধরে রাখতে ক্যামেরা ও লেন্সের উন্নয়নে ক্যানন অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। কোম্পানি এখন মনে করে, সনির মিররলেস মার্কেটের সঙ্গে তারা টেক্কা দিতে সক্ষম।

ফুজিও মিতারাই আরো বলেন, সার্বিকভাবে বাজার তলানিতে ঠেকেছে। কয়েক বছর ধরে আমরা অত্যন্ত প্রতিযোগিতামূলক পূর্ণ ফ্রেম মিররলেস ক্যামেরা ও আরএফ লেন্সগুলোর সঙ্গে আমাদের লাইনআপ বাড়িয়ে ইওএস আর সিস্টেমের আবেদন বাড়াতে কাজ করছি। ফলে আমরা মিররলেস ক্যামেরাগুলোর ক্ষেত্রে একটি শক্ত অবস্থান তৈরি করেছি। বর্তমানে আমরা যে অবস্থানে আছি, সেখান থেকে বাজারের শীর্ষস্থানকে টার্গেট করতে পারি, মন্তব্য করেছেন ক্যাননের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফুজিও মিতারাই।

ক্যানন কারখানা আরো স্বয়ংক্রিয় করার মাধ্যমে মুনাফা বাড়ানোর পরিকল্পনা করছে। একই সঙ্গে পরিকল্পনা করা হচ্ছে এসপিএডি সেন্সরের উৎপাদন ব্যাপক হারে বাড়ানোর, যাতে এক রকম আলো ছাড়াই উচ্চমানসম্পন্ন ছবি তোলা যায়।