ডিসেম্বরে মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিজ্ঞাপন ব্যয় কমেছে ৭১ শতাংশ। বিজ্ঞাপন গবেষণা সংস্থার তথ্য বলছে, ইলোন মাস্ক টুইটার অধিগ্রহণের পর শীর্ষ বিজ্ঞাপনদাতারা প্লাটফর্মটিতে তাদের ব্যয় কমিয়েছে। এজন্য বিজ্ঞাপন দাতাদের ধরে রাখতে বিজ্ঞাপন ব্যয় কমিয়েছে টুইটার কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

স্ট্যান্ডার্ড মিডিয়া ইনডেক্সের (এসএমআই) প্রকাশিত সাম্প্রতিক তথ্যমতে, টুইটার বিজ্ঞাপনদাতাদের আকর্ষণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিজ্ঞাপনদাতাদের ধরে রাখতে বিনামূল্যে বিজ্ঞাপন প্রচার করছে। রাজনৈতিক বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কোম্পানিগুলোকে তাদের বিজ্ঞাপন প্রচারের অঞ্চলের ওপর আরো বেশি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে।

এসএমআইয়ের তথ্য অনুযায়ী, পূর্ববর্তী বছরের তুলনায় নভেম্বরে টুইটারে বিজ্ঞাপন খরচ ৫৫ শতাংশ কমেছে। যদিও এ সময়ে বিভিন্ন উৎসবের মৌসুমে ব্র্যান্ডগুলো তাদের পণ্যের প্রচার করতে বিজ্ঞাপনের খরচ বাড়ায়।

আরেকটি গবেষণা সংস্থা পাথম্যাটিকসের তথ্যমতে, অধিকাংশ কোম্পানি নভেম্বরে বিজ্ঞাপন খরচ বন্ধ করে দিয়েছিল। ওই সময়ে ইলোন মাস্ক আগের স্থগিত অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধার করে দেন। পাশাপাশি পেইড অ্যাকাউন্ট ভেরিফিকেশন পরিষেবা চালু করেন। ফলে প্রতারক চক্র বৃহৎ প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করার সুযোগ পেয়েছে। প্যাথমেটিকসের রিপোর্ট বলছে, ২৭ অক্টোবর মাস্কের দায়িত্ব গ্রহণের পর টুইটারের শীর্ষ ৩০ জন বিজ্ঞাপনদাতার মধ্যে ১৪ জন প্লাটফর্মে সব ধরনের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে।

টুইটারের আয়ের প্রায় ৯০ শতাংশ আসে বিজ্ঞাপন থেকে। গত সপ্তাহে এক কর্মিসভায় টুইটারের শীর্ষ বিজ্ঞাপন নির্বাহী প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিজ্ঞাপন কমে যাওয়ায় টুইটারের চতুর্থ প্রান্তিকের আয় এক বছরের মধ্যে প্রায় ৩৫ শতাংশ কমেছে।