ফেসবুক, টিকটক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের সুরক্ষা বাড়ানোর জন্য নতুন আইন প্রণয়নে সরকারকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এনগ্যাজেট।

নিজের প্রথম স্টেট অব ইউনিয়নের বক্তব্যে কংগ্রেসের প্রতি এ আহ্বান জানান তিনি। বাইডেন বলেন, শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা আরো শক্তিশালী করতে হবে, তাদের উদ্দেশ্য করে বানানো বিজ্ঞাপন বন্ধ করতে হবে এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা থেকে বিরত থাকতে হবে।

সেসব পরিবর্তন নিশ্চিত করতে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুর নিরাপত্তা নিয়ে গবেষণা করার জন্য ফান্ড চাইবে হোয়াইট হাউজ। আগামী বছরের বাজেটে মানসিকতার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব বিষয়ে গবেষণার জন্য ৫০ লাখ ডলার চাওয়ার পরিকল্পনা করছেন বাইডেন। তিনি একটি ন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স অন সোস্যাল মিডিয়া অ্যান্ড মেন্টাল ইলনেস তৈরির কথাও ভাবছেন। 

তবে বাইডেনের এসব কথাবার্তা ফেসবুকের হুইসেলব্লোয়ার ফ্রান্সেস হাউগেনের বক্তব্যের দ্বারাই অনুপ্রাণিত। তিনি ফেসবুকের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাদের প্লাটফর্মে শিশুর নিরাপত্তা উপেক্ষা করা হয়েছে। তার পরই শক্তিশালী নিয়মকানুনের কথা বলেন রাজনীতিবিদরা। তিনিও সেই আয়োজনে উপস্থিত ছিলেন। 

প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদের অবশ্যই লাভের উদ্দেশ্যে শিশুদের ওপর পরীক্ষণ চালানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মকে দায়ী করতে হবে।