শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট প্লাটফর্ম নিশ্চিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে শিশুতোষ টেলিভিশন সিরিজ সিসিমপুরের প্রযোজক প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ। নিরাপদ ইন্টারনেট মাধ্যমগুলোয় প্রবেশ এবং এর ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়ানোর মাধ্যমে উদ্যোগটি কার্যকর করা হবে।

গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভার্চুয়ালি উদ্যোগটির উদ্বোধন করেন। উদ্যোগের অংশ হিসেবে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ সিসিমপুরের লার্নিং প্লাটফর্মের জন্য শিক্ষামূলক কনটেন্ট তৈরি ও সম্প্রচার করবে, যা দেশের সব শিশুর কাছে পৌঁছে যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএসএফের গ্রান্ট স্পেশালিস্ট গুইলহার্মে গঞ্জালেস ডি সুজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. বিএম মাইনুল হোসেন, ডিক্যাস্টালিয়ার পরিচালক সাবিলা ইনুন এবং সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম।

আইন ও সালিশ কেন্দ্র পরিচালিত সাম্প্রতিক এক জরিপের তথ্যানুযায়ী, দেশের ৩০ শতাংশ শিশু ভার্চুয়াল প্লাটফর্মে বিভিন্ন ধরনের লাঞ্ছনা এবং ৮ শতাংশ শিশু যৌন হয়রানির শিকার হয়। ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের (আইএসএফ) অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট প্লাটফর্ম তৈরির পাশাপাশি এর ইতিবাচক চর্চার বিষয়টি প্রচার করা হবে। দুই বছর মেয়াদি প্রকল্পের অংশ হিসেবে সিসেমি ওয়ার্কশপ ভার্চুয়াল জগতে শিশুদের নিরাপত্তার বিষয়ে গবেষণা পরিচালনা করবে এবং অনলাইন শিক্ষা প্লাটফর্মের সেরা অনুশীলনের বিষয়টি নিশ্চিত করবে।

উদ্যোগের অংশ হিসেবে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ শিশুদের সঙ্গে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়টি প্রচারে অভিভাবকদের জন্য গাইডলাইন তৈরি করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি দেশের সব স্কুলের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিতভিত্তিক নতুন মোবাইল গেম, স্টোরি বুক ও ডিজিটাল কনটেন্ট তৈরি করবে। এ প্রোগ্রামের অধীনে সিসিমপুরের টুকটুকি, হালুম, শিকু ও ইকরি সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশ নেবে।