ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপে হয়রানি বন্ধে অল্টস্পেস ভিআরে বেশকিছু পরিবর্তন আনছে মাইক্রোসফট। এর অংশ হিসেবে সম্প্রতি ক্যাম্পফায়ার, নিউজ ও বিনোদনের জন্য নির্ধারিত সোস্যাল স্পেস বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।

বন্ধ করে দেয়া স্পেস বা হাবগুলোয় ব্যবহারকারীরা একত্র হয়ে একে অন্যের সঙ্গে কথা বলতে পারতেন। তবে ব্যক্তিস্বাধীনতার এ জায়গায় হয়রানির বিষয়টিকেও নির্দেশ করছিলেন। বাই ডিফল্ট অল্টস্পেস ভার্চুয়াল রিয়েলিটিতে সব ব্যবহারকারীর জন্য সেফটি বাবল ফিচার চালু হয়ে গেছে। যদি কোনো ব্যবহারকারী অন্য কারো অ্যাভাটারের জায়গায় প্রবেশ করার চেষ্টা করেন, তখন বাবলটি বাধা দেয়। মাইক্রোসফট আরো জানায়, নতুন কেউ ইভেন্টে যোগদান করলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে তাদের মাইক্রোফোন মিউট বা বন্ধ করে দেবে। নতুন পরিবর্তনগুলো আরো কার্যকর করতে প্রতিষ্ঠানটি ইভেন্ট কনটেন্ট রেটিংয়ের পাশাপাশি নজরদারি ব্যবস্থাও উন্নত করবে বলে অঙ্গীকার করেছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে অল্টস্পেসভিআরে প্রবেশের ক্ষেত্রে ব্যবহারকারীদের মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহারের বিধান নিশ্চিত করা হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। এ পরিপ্রেক্ষিতে অভিভাবকরা প্রতিষ্ঠানটির ফ্যামিলি সেফটি ফিচার ব্যবহারের মাধ্যমে সন্তানদের অ্যাপ ব্যবহারের সময়সীমা নিয়ন্ত্রণ ও দেখভাল করতে পারবেন।

মাইক্রোসফটের মিক্সড রিয়েলিটি বিভাগের প্রধান অ্যালেক্স কিপম্যান বলেন, বর্তমানে অল্টস্পেসভিআরের মতো প্লাটফর্মের প্রচলন বাড়ছে। তাই এসব প্লাটফর্ম বর্তমানে গ্রাহকদের চাহিদা পূরণে কতটা সক্ষম, সেটি যাচাইয়ের মাধ্যমে ভবিষ্যতে এর কার্যকারিতার বিষয়টি দেখতে হবে। এর অংশ হিসেবে ব্যবহারকারীরা যেন একই মতাদর্শের গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে পারেন, সেটি নিশ্চিতের পাশাপাশি হয়রানিমুক্ত প্লাটফর্ম তৈরিতে কাজ করতে হবে।