সম্প্রতি আইফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস রেকর্ডিং চালু ও বন্ধের ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এতদিন আইওএস ও ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য এটি চালু থাকলেও বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য ফিচারটির পরীক্ষা চালাচ্ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। খবর গ্যাজেটসনাউ।

ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, অ্যান্ড্রয়েড প্লাটফর্মের বেটা ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট চালু করেছে হোয়াটসঅ্যাপ। আপডেট দেয়ার পর থেকে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে ভয়েস নোটের রেকর্ডিং চালু ও বন্ধ করতে পারবেন। এ বিষয়ে প্রকাশিত অ্যানিমেটেড ছবির তথ্যানুযায়ী অ্যান্ড্রয়েডের ফিচারটি আইওএসের মতোই কাজ করবে। নতুন বেটা আপডেট দেয়ার পর ব্যবহারকারীরা ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে পজ বাটন দেখতে পারবেন।

একবার পজ দেয়ার পর পুনরায় সেখান থেকে রেকর্ডিং চালু করা যাবে। ফিচারটির মাধ্যমে বড় ভয়েস রেকর্ড ফাইল পাঠানো যাবে। পাশাপাশি প্রযুক্তিগত সমস্যার কারণে ব্যবহারকারীদের নতুন করে রেকর্ডিং করতে হবে না। প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে নির্ধারিত কিছু বেটা টেস্টারের জন্য ফিচারটি চালু করা হয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ বিজনেসেও এটি পাওয়া যাবে। সংশ্লিষ্টদের আশা ভবিষ্যৎ আপডেটে ফিচারটি আরো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি সম্প্রতি কিছু অ্যান্ড্রয়েড বেটা টেস্টারের জন্য নতুন সার্চ শর্টকাট যুক্ত করেছে। ভিডিও কল আইকনের পাশে নতুন ডিজাইনের ইন্টারফেসে এ শর্টকাট যুক্ত করা হয়েছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, কিছু ব্যবহারকারী গ্রুপ সেকশনেও ফিচারটি দেখতে পেয়েছে বলে জানা গেছে।