ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টর অধিগ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট ইন্টেল। ৬০০ কোটি ডলারে এ অধিগ্রহণ সম্পন্ন হতে পারে বলে এ বিষয়ে অবগত সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।

অন্যান্য ব্যবসার জন্য চুক্তিভিত্তিক চিপ উৎপাদন কার্যক্রম এগিয়ে নিতে এ অধিগ্রহণ উদ্যোগ নিয়েছে ইন্টেল। চলতি সপ্তাহের মধ্যেই অধিগ্রহণসংক্রান্ত চুক্তির তথ্য প্রকাশ্যে আসতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। চিপ উৎপাদন খাতে শীর্ষস্থানে রয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এ অধিগ্রহণের মাধ্যমে ইন্টেল বাজারে তাদের অবস্থান আরো মজবুত করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে চলমান চিপ সংকটের মুখে যখন বিভিন্ন খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে তখনই নতুন অধিগ্রহণের বিষয়টি প্রকাশ্যে এল।

টাওয়ার সেমিকন্ডাক্টর মূলত গাড়ি, মোবাইল, চিকিৎসা ও মহাকাশ যানে ব্যবহূত অ্যানালগ চিপ তৈরিতে বিখ্যাত। যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির বাজার হিস্যা ৫৩ শতাংশ বেড়েছে। সোমবার পর্যন্ত প্রতিষ্ঠানটির ৩৬০ কোটি ডলার বাজার মূলধন ছিল। অধিগ্রহণের বিষয়ে ইন্টেল ও টাওয়ার সেমিকন্ডাক্টর কারো পক্ষ থেকেই কোনো মন্তব্য করা হয়নি।

গত মাসে যুক্তরাষ্ট্রের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে ওহাইয়োতে চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনের কথা জানিয়েছে। মূলত চিপ উৎপাদনে ইন্টেলের শক্ত অবস্থান তৈরিতে এবং এশিয়া-নির্ভরতা কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ৩ হাজার কোটি ডলারে গ্লোবাল ফাউন্ড্রিজ অধিগ্রহণের বিষয়ে গত জুলাইয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যদিও এর কয়েক মাস পর গ্লোবাল ফাউন্ড্রিজ স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করে।