গ্রাহকদের ডাটা নিয়ে নিরাপত্তা জোরদারের দাবি করলেও তা হাতিয়ে নেয়ার সুযোগ রাখছে অ্যাপ ডেভেলপারদের জন্য। এমন অভিযোগ উঠেছে প্রাইভেসিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার দাবিদার অ্যাপলের বিরুদ্ধে। ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির এ নীতির কারণে শতকোটি আইফোন ব্যবহারকারীর ডাটা বেহাতের আশঙ্কা করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা। খবর টেকটাইমস।

কম্পিউটার ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা নিয়ে বরাবরই সমালোচিত হয়েছে অ্যাপল। মার্কিন টেক জায়ান্টটির তরফ থেকে বলা হয়, অ্যালফাবেটের থেকে অ্যাপলের নিরাপত্তা নীতি আলাদা। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক নীতি অনুসারে অ্যাপলের ব্যবহারকারীদের থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন অ্যাপ ডেভেলপাররা।

দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে জানা যায়, বিজ্ঞাপনের জন্য প্রায় ১০০ কোটি আইফোন ব্যবহারকারীর তথ্য ব্যবহার করতে পারবে অ্যাপল। গত বছর মে মাসে টেক জায়ান্টটি নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনে। এ-সংক্রান্ত একটি বিজ্ঞাপন প্রচার করে প্রতিষ্ঠানটি।