উইন্ডোজ ১১-এর ব্যবহারকারীদের জন্য ওয়ালপেপার স্টিকার ফিচার চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ডেস্কটপের ওয়ালপেপারে নিজের পছন্দের স্টিকার যুক্ত করতে পারবেন। খবর গ্যাজেটস নাউ।

উইন্ডোজ লেটেস্ট প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রযুক্তি জায়ান্টটি নতুন স্টিকার ফিচার নিয়ে কাজ করছে। যেখানে ব্যবহারকারীরা তাদের পছন্দানুযায়ী কম্পিউটারের ওয়ালপেপারে পরিবর্তন আনতে পারবেন। বর্তমানে উইন্ডোজ ১১-তে কাস্টমাইজেশনের জন্য একাধিক ফিচার রয়েছে।

স্টিকার যুক্ত করার ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা কম্পিউটারে থাকা অ্যাপ অনুসারে ওয়ালপেপারের রঙ নির্ধারণ করতে পারবেন। এতে অ্যাপের জন্য মিকা নামের ট্রান্সপারেন্সি ফিচারও রয়েছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, উইন্ডোজ ১১ প্রিভিউ বিল্ডে ওয়ালপেপার স্টিকার সাপোর্ট ফিচারটির সন্ধান মিলেছে।

মাইক্রোসফট প্রি-ইনস্টলড স্টিকার এডিটর অ্যাপ তৈরিতে কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা পছন্দের স্টিকার তৈরি করতে পারবেন। এটি অনেকটা টেলিগ্রামের স্টিকার ক্রিয়েটর ফিচারের মতো। অ্যাপ ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা স্টিকার বাছাই করতে পারবেন এবং ওয়ালপেপারে যুক্ত করার ক্ষেত্রে বাহ্যিক অংশে পরিবর্তন আনতে পারবেন। তবে স্টিকারগুলো স্লাইড শোতে কাজ করবে না বলেও জানিয়েছে উইন্ডোজলেটেস্ট।

প্রতিবেদনে প্রকাশিত স্ক্রিনশটের তথ্যানুযায়ী, নতুন ফিচারটি পারসোনালাইজেশন সেটিংসে পাওয়া যাবে। স্টিকার যুক্ত করার পাশাপাশি আউটলুক ব্র্যান্ডের অধীনে নতুন ই-মেইল ক্লায়েন্ট যুক্ত করতেও কাজ করছে মাইক্রোসফট। আগে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী ব্যবহারকারীদের সুবিধার্থে ক্রস প্লাটফর্ম ই-মেইল অ্যাপ প্রজেক্ট মোনার্ক কোডনেমে উন্নয়ন কাজ চলমান।