মানুষের কথা সরাসরি অনুবাদে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত বিশ্বজনীন অনুবাদ ব্যবস্থা নিয়ে কাজ করছে মেটা। স্পিচ-টু-স্পিচ অনুবাদের ক্ষেত্রে এআই ব্যবহারে শতাধিক ভাষায় অনুবাদ সহজতর হবে বলে দাবি মার্কিন প্রযুক্তি জায়ান্টটির। খবর স্ক্রিনর্যান্ট।

বিশ্বে এখন পর্যন্ত সর্বাধিক ব্যবহূত অনুবাদ ব্যবস্থা গুগল ট্রান্সলেট। কিন্তু ইংরেজির বাইরে অন্য ভাষায় অনুবাদ বেশ অস্পষ্ট ঠেকে। গত বছর পিক্সেল ৬ সিরিজের ফোনে স্পিচ-টু-স্পিচ অনুবাদের ফিচারের মাধ্যমে চমক দেখিয়েছে গুগল। সঠিক অনুবাদ ও রিয়াল টাইমে অনুবাদের ক্ষেত্রে এটা ছিল উল্লেখযোগ্য সফলতা। এবার মেটার ঘোষণা, তারা এআই নিয়ন্ত্রণাধীন স্পিচ-টু-স্পিচ অনুবাদ ব্যবস্থা নিয়ে আসছে, যা দিয়ে শতাধিক ভাষায় অনুবাদ সম্ভবপর হবে। যেসব ভাষার লিখিত ব্যবস্থা নেই, সেগুলো অনুবাদের ক্ষেত্রেও এ ব্যবস্থা গ্রহণ করা যাবে। এতে আদিভাষী ও বিলুপ্তপ্রায় অনেক ভাষা অনুবাদ সহজতর হবে।

ইউনেস্কোর অ্যাটলাস অব ল্যাঙ্গুয়েজেস ইন ডেঞ্জার অনুযায়ী বিশ্বে ৬ হাজার ৭০০ ভাষায় মানুষ কথা বলে। এর মধ্যে ৪০ শতাংশই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। ২০১৯ সালে জাতিসংঘের আরেক প্রতিবেদনে বলা হয়, প্রতি মাসে অন্তত দুটি ভাষা একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মেটা বলছে, বিদ্যমান অনুবাদ ব্যবস্থায় টেক্সটকে মাধ্যম ধরে অনুবাদ করা যায়। এতে পুরো ব্যবস্থাটা বেশ কঠিন হয়ে পড়ছে এবং অনুবাদে কম কার্যকর হিসেবে হাজির হচ্ছে। তাছাড়া যেসব ভাষার কোনো লিখিত ফর্ম নেই এবং যা কেবল মুখের ভাষা হিসেবে ব্যবহূত হয়, তা অনুবাদে এ ফর্মুলা কার্যকরী নয়।