রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি বন্ধ করে দিচ্ছে অ্যাপল। এতে রাশিয়ায় অ্যাপলের ওয়েবসাইট থেকে কেনা যাবে না আইফোন, ম্যাক ও অন্যান্য গ্যাজেট। এছাড়া অ্যাপল পে ও অ্যাপল ম্যাপের মতো অন্যান্য পরিষেবাও সীমিত করা হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক কোম্পানিটি। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে এ প্রতিক্রিয়া জানায় প্রযুক্তি জায়ান্টটি। খবর স্ক্রিনর্যান্ট।
ইউক্রেনে রুশ আগ্রাসনের জবাবে রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। ইউক্রেনের নাগরিকদের জন্য নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইউক্রেনের অ্যাপল ম্যাপে ট্রাফিক ও লাইভ ঘটনা উভয় কার্যক্রমই নিষ্ক্রিয় করে দিয়েছে।
গত সপ্তাহে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেদেরভ অ্যাপলের সিইও টিম কুকের কাছে একটি খোলা চিঠি লেখেন। যেখানে তিনি অ্যাপলকে রাশিয়ায় তাদের সব পণ্য, পরিষেবা ও অ্যাপ স্টোর থেকে বিচ্ছিন্ন করার অনুরোধ রাখেন।
ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়ে বেশকিছু পদক্ষেপ নিয়েছে অ্যাপল। পণ্য বিক্রি বন্ধের পাশাপাশি অ্যাপল পে ও অন্যান্য সেবা সীমিত করে দিয়েছে। রাশিয়ার বাইরে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে না আরটি নিউজ ও স্পুিনক নিউজ।










