হুয়াওয়ে স্প্রিং ২০২২ স্মার্ট অফিস উন্মোচন অনুষ্ঠানে সাতটি নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপ। বিশ্বজুড়ে ক্রেতাদের জন্য স্মার্ট অফিস ও তাদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতে প্রতিষ্ঠানটির বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২২-এ পণ্যগুলোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।
পণ্যগুলোর মধ্যে নতুন ফ্ল্যাগশিপ ল্যাপটপ, প্রতিষ্ঠানটির প্রথম অল-ইন-ওয়ান পিসি, নতুন টু-ইন-ওয়ান ল্যাপটপ, প্রথম ই-ইংক ট্যাবলেট, নতুন হারমোনিওএস ট্যাবলেট, প্রথম প্রিন্টার ও একটি নতুন পোর্টেবল স্পিকার রয়েছে।
উন্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী রিচার্ড উ বিশ্বজুড়ে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা ও উদ্ভাবনের সুবিধা দিতে প্রতিষ্ঠানটির ৫-১০ বছরব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরিকল্পনার ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ কৌশল স্বাস্থ্য ও ফিটনেস, স্মার্ট হোম, সহজ ভ্রমণ, স্মার্ট অফিস ও বিনোদন ক্ষেত্রে কোলাবোরেটিভ ডিভাইস উন্নয়নের লক্ষ্যে কাজ করে।
এছাড়া প্রতিষ্ঠানটি হুয়াওয়ে মোবাইল অ্যাপ ইঞ্জিন উন্মোচন করেছে, যা কম্পিউটার ব্যবহারকারীদের অ্যাপ গ্যালারির সমৃদ্ধ বিভিন্ন কনটেন্ট থেকে কনটেন্ট উপভোগের সুযোগ করে দেবে। পাশাপাশি পিসি ইকোসিস্টেমের অভিজ্ঞতাও সমৃদ্ধ করবে।
নতুন উন্মোচিত হুয়াওয়ে মেটবুক এক্স প্রো, মেটস্টেশন এক্স, মেটবুক ই, মেটপ্যাড পেপার ও মেটপ্যাডে সুপার ডিভাইস ফিচার ব্যবহার করা যাবে। এছাড়া বিদ্যমান মডেল ব্যবহারকারীরা তাদের হুয়াওয়ে পিসি ম্যানেজারের সংস্করণ হালনাগাদ করে সুপার ডিভাইস ফিচার উপভোগ করতে পারবেন। হুয়াওয়ের মোবাইল অ্যাপ ইঞ্জিন বেটা প্রোগ্রামের ব্যাপারে ঘোষণা দিয়েছে। শিগগিরই বেটা প্রোগ্রামটি উন্মোচন করা হবে। পাশাপাশি পিসি ম্যানেজারের হালনাগাদ সংস্করণ আপডেটের মাধ্যমে এটি ব্যবহার করা যাবে।










