ইনফিনিক্স-শাওমিসহ বিশ্বের বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান ফাস্ট চার্জিং প্রযুক্তির ক্ষেত্রে তাদের নতুন উদ্ভাবনের কথা জানিয়েছে। বাণিজ্যিকভাবে এতদিন এগুলোর ব্যবহার না হলেও শিগগিরই এসব প্রযুক্তির ব্যবহার শুরু করবে প্রতিষ্ঠানগুলো। খবর গিজমোচায়না।

নিরাপত্তাজনিত বিভিন্ন কারণে ইনফিনিক্সের ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ও শাওমির ২০০ ওয়াটের হাইপারচার্জ প্রযুক্তি বাজারে উন্মুক্ত করা হয়নি। ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্যানুযায়ী, শাওমি ও অপো বর্তমানে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠান দুটি শিগগিরই তাদের ভবিষ্যৎ স্মার্টফোনে এ প্রযুক্তি ব্যবহার করতে পারে। ফলে শাওমি ও অপোর গ্রাহকরা তাদের পরবর্তী ফোনে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দেখতে পারেন অথবা আলাদাভাবে কেনার সুবিধা পেতে পারেন।

নতুন চার্জিং প্রযুক্তির আনুষ্ঠানিক বাজারজাতের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে পূর্বে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শাওমি ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির অধিক উৎপাদন শুরু করবে। অন্যদিকে অপো এরই মধ্যে ১২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং প্রযুক্তির উৎপাদন শুরু করে দিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ডুয়াল সেল ব্যাটারিতে ফাস্ট চার্জিং প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে। পাশাপাশি ব্যাটারি সেফটি ডিটেকশন চিপ ব্যবহারের মাধ্যমে স্মার্ট চার্জিং প্রযুক্তি স্থাপনে কাজ করছে।