আইবিএমের কোয়ান্টাম নেটওয়ার্কে যুক্ত হওয়ার কথা জানিয়েছে এলজি ইলেকট্রনিকস। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিকস জায়ান্টটি। খবর কোরিয়া হেরাল্ড।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কানেক্টেড
কারস, ইন্টারনেট অব থিংস (আইওটি) ও রোবোটিকসের মতো খাতে কোয়ান্টাম কম্পিউটার প্রয়োজনীয়। আইবিএম নেতৃত্বাধীন ১৭০টিরও বেশি কোম্পানির জোটে সর্বশেষ যোগ দেয়া কোম্পানি হচ্ছে এলজি ইলেকট্রনিকস। ফলে আইবিএমের কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম এবং ক্বিসকিট হিসেবে পরিচিত ওপেন সোর্স কোয়ান্টাম ইনফরমেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটের অ্যাকসেস পাচ্ছে দক্ষিণ কোরিয়ার চতুর্থ বৃহৎ কনগ্লোমারেটটি।
এলজির বরাতে জানা গেছে, ফাইন্যান্স, জ্বালানি, রাসায়নিক, ম্যাটেরিয়ালস সায়েন্স, অপটিমাইজেশন ও মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটিং মেকানিজম ব্যবহার করা হবে। আইবিএমের সঙ্গে অংশীদারিত্বের ফলে কোয়ান্টাম কম্পিউটিং হার্ডওয়্যার ও সফটওয়্যারে অনেক দূর অগ্রসর হবে বলে আশা করছে এলজি ইলেকট্রনিকস।
এলজির অংশীদারিত্ব নিশ্চিত করে আইবিএমের কোয়ান্টাম কম্পিউটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট জ্যাই গ্যামবেটা এক বিবৃতিতে জানান, কোরিয়ার ক্রম সম্প্রসারণ কোয়ান্টাম কম্পিউটিং ইকোসিস্টেমে এলজিকে স্বাগত জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। উদীয়মান প্রযুক্তির সঙ্গে কী ধরনের নতুন সমস্যা আসতে পারে তা চিহ্নিত করা এবং কোরিয়ায় কোয়ান্টাম সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে আইবিএম ও এলজির এ সম্পর্ক।
আইবিএম কোয়ান্টাম নেটওয়ার্কে থাকা অন্য কোরীয় প্রতিষ্ঠান ও কোম্পানি হচ্ছে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সাংকিয়ুনকাওয়ান বিশ্ববিদ্যালয় ও স্যামসাং।










