দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে সরকার বেসরকারি বিনিয়োগের
গতি বৃদ্ধিতে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করবে বলে জারিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, এক্ষেত্রে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড
ইনকিউবেশন সেন্টার অগ্রণী ভূমিকা পালন করবে।
আজ শনিবার চাঁদপুরের দক্ষিণ
মতলব উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।এসময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও সংসদ সদস্য
মো. নুরুল আমিন রুহুল।
প্রতিমন্ত্রী বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার
চাঁদপুরবাসীর জন্য প্রধানমন্ত্রীর অনন্য উপহার।
এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, একই সঙ্গে তথ্যপ্রযুক্তিতে
বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন
সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিসরে কাজ করতে
পারবেন। সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় ৩৯টি হাই-টেক পার্ক স্থাপন করা হচ্ছে।
দেশের আইটি খাতকে এগিয়ে নিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইওটি, রোবোটিক্স,
সাইবার সিকিউরিটিসহ উচ্চপ্রযুক্তি নিয়ে কাজ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি
বিজনেস ইনকিউবেটর ও স্পেশালাইজড ল্যাব স্থাপন করা হচ্ছে। এ সব প্রকল্প বাস্তবায়িত হলে
তরুণদের আর চাকরির পিছনে ছুটতে হবে না, বরং নিজেরাই উদ্যোক্তা হয়ে মানুষকে চাকরি দেবে
বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।










