সব গানের অ্যালবাম থেকে শাফল বাটন সরিয়ে দিতে স্পটিফাইয়ের কাছে আর্জি রেখেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অ্যাডেল। তার অনুরোধে সাড়া দিয়ে স্পটিফাইয়ে এখন অ্যালবামের ক্ষেত্রে গানগুলো বাজবে শিল্পীর পূর্বনির্ধারিত ক্রমানুসারে। তবে প্লে-লিস্টের ক্ষেত্রে এখনো কার্যকর আছে শাফল বাটন। খবর এনগ্যাজেট।
সম্প্রতি স্পটিফাইয়ের উদ্দেশ্যে এক টুইটে অ্যাডেল লিখেন, আমরা অ্যালবাম বানানোর সময় এত চিন্তা আর যত্ন নিয়ে বিনা কারণে অ্যালবামে গানের ক্রম তৈরি করি না। আমাদের শিল্পকর্ম একটা গল্প বলে এবং আমাদের গল্পগুলো আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই শোনা উচিত।
স্পটিফাই অ্যাডেলের টুইটের উত্তরে জানায়, আপনার জন্য যেকোনো কিছু। তার পর পরই গানের অ্যালবাম থেকে শাফল বাটন সরিয়ে নিয়েছে স্ট্রিমিং সাইটটি; ফলে অ্যালবামের সব গান ওলট-পালট করে শোনার ফিচারটি আর পাচ্ছেন না শ্রোতারা। অবশ্য ব্যক্তিগত প্লে-লিস্টের ক্ষেত্রে শাফল বাটন এখনো কার্যকর রয়েছে।
ছয় বছরের মধ্যে অ্যাডেলের প্রথম অ্যালবাম থার্টি (৩০) গত শুক্রবার স্পটিফাইয়ে মুক্তি পেয়েছে। অ্যাডেল তার আগের অ্যালবাম প্রকাশ করেছিলেন ২০১৫ সালের নভেম্বরে। টোয়েন্টিফাইভ (২৫) নামের অ্যালবামটির ডিজিটাল কপি ডাউনলোডের সুযোগ থাকলেও সেবার শুরুতেই কোনো স্ট্রিমিং সেবায় অ্যালবামটি মুক্তি দেননি অ্যাডেল।
যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া অ্যালবাম ছিল অ্যাডেলের টোয়েন্টিফাইভ। মুক্তির পর প্রথম সপ্তাহেই অ্যালবামটির আট লাখ কপি বিক্রি হয়েছিল যুক্তরাজ্যের বাজারে।










