সবার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হবে বলে গত মাসে ঘোষণা দিয়েছে গুগল। ২০২১ সালের মধ্যে সব ব্যবহারকারীকে এ ফিচারের আওতায় নিয়ে আসার লক্ষ্য স্থির করেছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে টু-ফ্যাক্টর অথেনটিকেশন নিয়ে গুগলের কার্যক্রম শুরু হয়ে গেছে।
টু-স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক হওয়ায় আপনি না চাইলেও এটি ব্যবহার করতে হবে। আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে এ ফিচার চালু হওয়ার সাতদিন আগে ই-মেইল বা নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয়া হবে।
গুগলের ব্লগপোস্টে বলা হয়, টু-স্টেপ ভেরিফিকেশন বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট আরো বেশি সুরক্ষিত হবে। যে কেউ চাইলেই আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। এমনকি এ ফিচার চালু থাকলে পাসওয়ার্ড জানার পরও অনুমতি ছাড়া আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না কোনো ব্যক্তি। কাজেই এ ফিচার চালু করলে বেশ স্বস্তিতে থাকতে পারবেন।
বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টু-স্টেপ ভেরিফিকেশন বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—প্রথমেই গুগল অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তারপর ওপরের ডান কোনায় ভেসে থাকা অ্যাকাউন্টধারীর ছবিতে ক্লিক করুন। এরপর ই-মেইল অ্যাড্রেসের নিচে ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’
অপশনে ক্লিক করতে হবে। পরে নেভিগেশন প্যানেলে থাকা ‘সিকিউরিটি’
বাটনে ক্লিক করুন। তারপর ‘সাইনিং ইন টু গুগল’
থেকে টু-স্টেপ ভেরিফিকেশন নির্বাচন করুন। পরের পেজে ‘গেট স্টারটেড’
অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। সাইন-ইনের ক্ষেত্রে দ্বিতীয় ধাপ হিসেবে সিকিউরিটি কি, টেক্সট মেসেজ বা ভয়েস কল থেকে যেকোনো একটি বেছে নিতে হবে। এখান থেকে যে অপশন বেছে নেয়া হবে অ্যাকাউন্টে লগইন করার সময় সে অনুযায়ীই পরিচয় যাচাই করা হবে। দ্বিতীয় ধাপটি বেছে নেয়ার পর একটি মোবাইল নম্বর বাছাই করতে হবে। এবার ফোনে একটি কোড আসবে। কোডটি দিয়ে প্রক্রিয়াটি চালু করতে হবে। চাইলে পরের পেজে গিয়ে আরো ব্যাকআপ নির্বাচন করা যাবে।










