রাশিয়ায় অ্যাপলের পণ্য বিক্রি ও অ্যাপ স্টোরের সেবা বন্ধের আহ্বান জানিয়েছে ইউক্রেন। সম্প্রতি এক খোলা চিঠিতে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ লেখেন, বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছে বিশ্ববাসী। শত্রু রাষ্ট্রটি বড় অংকের আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হওয়া চাই। ২০২২ সালে ট্যাংক, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার চেয়েও শক্তিশালী হতে পারে আধুনিক প্রযুক্তি। খবর এনগ্যাজেট।
অ্যাপলের সিইও টিম কুককে লেখা চিঠিতে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী লেখেন, আপনার প্রতি অনুরোধ করছি, রাশিয়ান ফেডারেশনকে পণ্য ও সেবা দেয়া বন্ধ করুন। অ্যাপ স্টোরের অ্যাকসেসও বন্ধ করুন।
ডিজিটাল রূপান্তরবিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করা ফেদোরভ আরো লেখেন, এ ধরনের পদক্ষেপে রাশিয়ার তরুণরা ইতিবাচকভাবে সরকারের সামরিক আগ্রাসনের বিরোধিতা করতে পারবেন।
৫০ হাজারেরও বেশি রুশ সেনা ইউক্রেনে প্রবেশ করেছে বলে দাবি পেন্টাগনের। সর্বশেষ খবরে জানা গিয়েছে, কিয়েভের রাস্তায় সংঘাত চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ যুদ্ধের ফলে হাজার হাজার ইউক্রেনীয় নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে শরণার্থী হয়ে পড়েছে। পোল্যান্ডে পালিয়ে আসা শরণার্থীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
এখন পর্যন্ত অ্যাপলের তরফ থেকে কোনো জবাব পাওয়া না গেলেও সম্প্রতি এক টুইটে ইউক্রেনে মানবিক সাহায্যের আহ্বান রেখেছেন টিম কুক।
উল্লেখ্য, রাশিয়ায় অ্যাপলের অনলাইন স্টোর রয়েছে। এছাড়া দেশটিতে স্থানীয় ভার্সনের অ্যাপ স্টোরও রয়েছে। গত বছর দেশের আইনি বাধ্যবাধকতা মেনে অ্যাপ স্টোরে স্থানীয় ডেভেলপারদের দ্বারা তৈরি অ্যাপকে অগ্রাধিকারের তালিকায় রেখেছে অ্যাপল।










