বৈশ্বিক চিপস্বল্পতার মধ্যেও রেকর্ড আয় করেছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি)। মার্কিন নিষেধাজ্ঞায় হুয়াওয়ের মতো কোম্পানির আয় কমলেও বেড়েছে চীনা সেমিকন্ডাক্টর নির্মাতা কোম্পানিটির। খবর রয়টার্স।
বার্ষিক আয়ের প্রতিবেদনে এসএমআইসি জানায়, ২০২১ পঞ্জিকা বর্ষে তাদের আয় ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪০ কোটি ডলার। রেফিনিটিভ ডাটার বরাতে জানা গেছে, ২০১০-এর পর এটি সর্বোচ্চ বার্ষিক আয়।
গতকাল এসএমআইসির পর্ষদ সচিব গিয়ু গুয়াঙ্গলি বলেন, বৈশ্বিক চিপস্বল্পতা এবং স্থানীয় ও আঞ্চলিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির শক্তিশালী চাহিদা আমাদের সামনে বিরল সুযোগ নিয়ে এসেছে।
গত বছর এসএমআইসির পরিচালন মুনাফা হয়েছে ১৪০ কোটি ডলার, যা ২০২০ সালের চেয়ে চার গুণ বেড়েছে।
অন্যান্য কোম্পানির ডিজাইনের ভিত্তিতে কম্পিউটার চিপ সরবরাহ করে এসএমআইসি। চিপ ফ্যাব্রিকেশন খাতে চীনা চিপ কোম্পানিটির বাজার হিস্যা একেবারেই নগণ্য। এতে নেতৃত্বের আসনে রয়েছে তাইওয়ানভিত্তিক টিএসএমসি।
২০২০ সালের শেষের দিক থেকে শুরু হয়ে গত বছর চিপের চাহিদা আকাশচুম্বী হয়ে পড়ে। গত বছর সাংহাইভিত্তিক কোম্পানিটি জানায়, রাজধানী বেইজিং ও দক্ষিণাঞ্চলীয় শেনজেনে তারা তিনটি নতুন ফ্যাব স্থাপন করতে যাচ্ছে। এতে তাদের কয়েকশ কোটি ডলার ব্যয় হচ্ছে।
গতকাল আয়ের উপাত্ত প্রকাশের সময় গিয়ু জানান, চলতি বছরের শুরুর দিকেই সাংহাই ফ্যাব চালু হতে যাচ্ছে। এছাড়া বেইজিং ও শেনজেনের কারখানা চালু হচ্ছে চলতি বছরের শেষের দিকে।










