ফোর্টনাইটের ব্লকবাস্টার মিউজিক এক্সপেরিয়েন্সের অংশ হিসেবে মেটাভার্সে পারফরম্যান্স ভেনু তৈরির উদ্যোগ নিয়েছে ওয়ার্নার মিউজিক গ্রুপ (ডব্লিউএমজি)। দ্য স্যান্ডবক্সের সঙ্গে যৌথভাবে মিউজিক্যাল থিম পার্ক ও কনসার্ট ভেনুর হাইব্রিড মডেল তৈরি করছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।

ওয়ার্নার মিউজিক গ্রুপে পারফর্ম করা শিল্পীদের একটি অংশ ভার্চুয়াল স্টেজে শো পরিচালনার পাশাপাশি মিউজিক এক্সপেরিয়েন্সে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী সময়ে স্যান্ডবক্স উৎসাহী ভক্তদের ওয়ার্নার মিউজিক গ্রুপের মেটাভার্স অংশ থেকে ভার্চুয়াল প্রপার্টি ক্রয়ের সুবিধা দেবে। চুক্তিটি স্যান্ডবক্সের প্রথম মিউজিক থিমওয়ার্ল্ডের অভিজ্ঞতা দেবে। প্লাটফর্মটি স্বতন্ত্র ভিত্তিতে স্নুপ ডগ, ডেডমাউ৫ ও স্টিভ আওকির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। পাশাপাশি এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সংগীত অংশীদারিত্ব। তবে ভার্চুয়াল ভেনুটি কবে নাগাদ উন্মোচন করা হবে সে বিষয়ে ডব্লিউএমজি ও স্যান্ডবক্স আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

ওয়ার্নার মিউজিক গ্রুপের পাশাপাশি বিশ্বের অন্যান্য মিউজিক কোম্পানিও ধীরে ধীরে মেটাভার্সে প্রবেশ করছে। গত মাসে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ তাদের শিল্পীদের আনুষ্ঠানিক মেটাভার্স অ্যাভাটারের জন্য ব্যান্ডওয়াগনের সঙ্গে যুক্ত হয়েছে।