রুশ মালিকানাধীন গণমাধ্যম আরটিসহ বেশকিছু চ্যানেলের ওয়েবসাইট, অ্যাপ ও ইউটিউব ভিডিওর বিজ্ঞাপন থেকে অর্থ আয়ের পথ বন্ধ করে দিয়েছে গুগল। ইউক্রেনে আগ্রাসন চালানোয় একই ধরনের পদক্ষেপ নিয়েছে মেটা মালিকানাধীন ফেসবুক। খবর রয়টার্স।

গুগলের ইউটিউব ইউনিট বলেছে, তারা বেশকিছু চ্যানেলের ইউটিউব থেকে আয় করার ক্ষমতা স্থগিত করছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় থাকা কিছু রুশ চ্যানেলও আছে।

বড় পরিসরে গুগলে বিজ্ঞাপন থেকে আয়ের বিষয়টি ইউটিউবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। গুগল জানায়, রাশিয়ার রাষ্ট্রীয় বেশকিছু গণমাধ্যমকে ওয়েবসাইট ও অ্যাপে আয় করার জন্য তাদের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবহার করতে দেয়া হচ্ছে না।

প্রতিষ্ঠানটির মুখপাত্র মাইকেন এসিম্যান জানান, রুশ গণমাধ্যম গুগল টুল ব্যবহার করে বিজ্ঞাপন কিনতে পারবে না অথবা গুগল সার্ভিসে যেমন সার্চ অপশন বা জিমেইলে কোনো বিজ্ঞাপন দিতে পারবে না। এর আগে গত বুধবার আরটির এডিটর ইন চিফ মার্গারিটা সিমনইয়ানের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন। তাকে রাশিয়ান প্রোপাগান্ডার কেন্দ্রীয় চরিত্র বলা হয়।

কয়েক বছর ধরেই আইনপ্রণেতারা গুগলকে রুশ সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত চ্যানেলগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছে। ভুল তথ্য ছড়ানোয় তাদের আয় করা উচিত নয় এমন কথা জানানো হয়েছিল।

ডিজিটাল গবেষক ওমেলাসের তথ্য বলছে, ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত দুই বছরে ২৬টি ইউটিউব চ্যানেল থেকে ৭০ লাখ থেকে ৩ কোটি ২০ লাখ ডলার আয় করেছে রাশিয়া।