টেক ফর গুড প্রতিযোগিতায় বিশ্বের সেরা ১০টি দলে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার টিম। চলতি মাসে দলটি হুয়াওয়ে আয়োজিত ২০২১ টেক ফর গুডের বৈশ্বিক সেমিফাইনাল রাউন্ডে অংশ নেবে।
২০০৮ সাল থেকে টেক ফর গুড প্রতিযোগিতাটি চলছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যমান সামাজিক ও পরিবেশগত সংকট সমাধানের সুযোগ প্রদানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং অভিজ্ঞদের পরামর্শ গ্রহণের সুযোগ দেয়। অন্যদিকে সিডস ফর দ্য ফিউচার হলো হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম। বিশ্বব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের শিক্ষার্থীদের জন্য এটি নিবেদিত।
২০২১ সালের সেপ্টেম্বরে হুয়াওয়ের সিডস ফর ফিউচার প্রোগ্রাম শুরু হয়। দেশের বিভিন্ন বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। সেখান থেকে ১৬ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা টেক ফর অল প্রতিপাদ্যে তাদের প্রজেক্ট প্রেজেন্টেশন জমা দেন এবং এটি বৈশ্বিক প্রতিযোগিতার সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হন। ১৩০টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে এ রাউন্ড অনুষ্ঠিত হবে।
চলতি সপ্তাহে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ফল অনুযায়ী আট সদস্যের বাংলাদেশ দল সেমিফাইনালে অংশ নেবে। সেখানে তারা আর্জেন্টিনা, ব্রাজিল, ইরাক, লিবিয়া, লেবানন, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও পোল্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করবে। দুটি গ্রুপের মধ্যে একটি ডোরাকাটা নামে বিশেষ একটি প্রকল্প জমা দেয়। যেখানে বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা হ্রাসের বিষয়টি উত্থাপন করা হয়।
হুয়াওয়ে বাংলাদেশের সিইও ঝ্যাং ঝেংজুন বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০২৬ সালের মধ্যে এক লাখ তরুণকে ডিজিটাল ও আইসিটি খাতের জন্য বিশেষভাবে তৈরির সিদ্ধান্ত নিয়েছে হুয়াওয়ে। হুয়াওয়ে বিশ্বাস করে তরুণরা বাংলাদেশের দারুণ এক শক্তি। তাই তথ্যপ্রযুক্তি খাতে তাদের দক্ষতা আরো বাড়াতে আমরা অনেকদিন থেকে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, তরুণরা বিশ্বে যে স্বীকৃতি অর্জন করেছে তা আমাদের জন্য এবং হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ দলের জন্য নিঃসন্দেহে গর্বের।










