যুক্তরাজ্যে এক্সবক্স অনলাইন গেমিং সাবস্ক্রিপশন নবায়নে বেশি তথ্য সরবরাহের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার করেছে মাইক্রোসফট। সম্প্রতি দেশটির বাজার প্রতিযোগিতা নজরদারি সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

মাইক্রোসফটের এক্সবক্স লাইভ গোল্ড ও গেম পাস সাবস্ক্রিপশনের জন্য যুক্তরাজ্যের ব্যবহারকারীদের প্রতি মাসে ৭ পাউন্ড বা ৯ দশমিক ৫০ ডলার ফি দিতে হয়। সাবস্ক্রিপশন নবায়নের ক্ষেত্রে সার্বিক কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রদানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে স্বচ্ছতার অঙ্গীকারনামা নিয়েছে যুক্তরাজ্যের বাজার প্রতিযোগিতা ও মার্কেটস অথরিটি (সিএমএ)। এক বিবৃতিতে সিএমএ জানায়, গেমাররা যেসব সেবা গ্রহণ বন্ধ করে দিয়েছেন, সেগুলোর জন্য যেন ফি দিতে না হয় তা নিশ্চিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

একটি ই-মেইলে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, সিএমএ যে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেগুলোর সমাধানে আমরা একত্রে কাজ করছি এবং কিছু পরিবর্তনসহ একটি চুক্তিতে উপনীত হতে পেরে আমরা খুশি। যেসব ব্যবহারকারী এক্সবক্স ব্যবহার করছেন না, তাদেরকে ভবিষ্যৎ মূল্যবৃদ্ধির বিষয়ে জানাতেও ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে মাইক্রোসফট। এছাড়া যারা পুনরায় এক বছরের জন্য সাবস্ক্রিপশন গ্রহণ করবেন তাদের চুক্তি শেষ করার পাশাপাশি প্রো-রাটা রিফান্ড গ্রহণের সুবিধাও দেবে মাইক্রোসফট।

এক বিবৃতিতে সিএমএর এনফোর্সমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক মাইকেল গ্রেনফেল বলেন, স্বয়ংক্রিয়ভাবে মেম্বারশিপ ও সাবস্ক্রিপশন নবায়নের ক্ষেত্রে গেমারদের অপশন নির্বাচনে পরিষ্কার তথ্য দিতে হবে।

সাবস্ক্রিপশন নবায়নের ক্ষেত্রে মাইক্রোসফটের কর্মকাণ্ডের বিষয়ে সিএমএর সতকর্তা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চলমান দ্বন্দ্বের বিষয় নির্দেশ করে। তদারককারী সংস্থাটি এর আগে ফেসবুকের গিফি অধিগ্রহণের পাশাপাশি গুগল ও অ্যাপলের সমালোচনাও করেছে।