রাজশাহীর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে তিন দিনব্যাপী স্টার্টআপ ক্যাম্প শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল এর উদ্বোধন করেন।
সারা দেশে যেসব স্থাপনা রয়েছে, সেখানে কমপক্ষে একটি করে ফ্লোর স্টার্টআপের জন্য বিনা মূল্যে বরাদ্দ দিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। ফ্লোরগুলোয় বিদ্যমান মোট ১৫১টি স্টার্টআপ বর্তমানে এক বছরের জন্য কো-ওয়ার্কিং স্পেস, লজিস্টিক ও ইউটিলিটি সাপোর্টের পাশাপাশি ইন-হাউজ মেন্টরিং ফর স্টার্টআপের (আইএমএস) উদ্যোগ নিয়েছে।
বছরব্যাপী মেন্টরিংয়ের অংশ হিসেবে প্রতিটি স্থানে তিন দিনব্যাপী স্টার্টআপ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীর আওতাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে বরাদ্দপ্রাপ্ত ৩০টি স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক মেন্টরদের দ্বারা বিশেষ সেশন পরিচালিত হচ্ছে। উদ্বোধনকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আজকে যারা স্টার্টআপ, চতুর্থ শিল্প বিপ্লবে তারাই বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেবে। বাংলাদেশের স্টার্টআপদের জন্য সব ধরনের সুবিধা আইসিটি বিভাগ থেকে দেয়া হচ্ছে। আমরা চাই এসব স্টার্টআপ থেকেই বড় বড় আইটি প্রতিষ্ঠান গড়ে উঠুক। এজন্য স্টার্টআপদের প্রয়োজনীয় মেন্টরিং ও ফান্ডিং নিশ্চিত করতে আমরা কাজ করছি।










