বিশ্বের ৩০টির বেশি দেশে এক্সপ্রেস ওয়াই-ফাই সেবা বন্ধের ঘোষণা দিয়েছে মেটা। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা দিয়ে আসছিল সোস্যাল জায়ান্টটি। খবর টেকরাডার।
এক বিবৃতিতে ফেসবুকের প্যারেন্ট কোম্পানিটি জানায়, অংশীদারদের সহযোগিতা ও এক্সপ্রেস ওয়াই-ফাই প্লাটফর্মের মাধ্যমে আমরা বিশ্বের ৩০টির বেশি দেশে ওয়াই-ফাই সংযোগ দিতে পেরেছি। অন্যান্য প্রকল্পের উন্নয়নে আমরা এটির কাজ শেষ করছি। পাশাপাশি ভবিষ্যতে আরো উন্নত সংযোগ সেবা প্রদানে বিশ্বের বিভিন্ন টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
কানেক্টিভিটি বাড়ানোর লক্ষ্যে ২০১৬ সালে এক্সপ্রেস ওয়াই-ফাই পরিষেবা চালু করে ফেসবুক। বিশেষ করে যারা খুবই নিম্নমানের ইন্টারনেট সংযোগ ব্যবহার করছেন এবং যারা একেবারেই সংযোগের বাইরে রয়েছেন তাদের জন্য। এছাড়া ফ্রি বেসিকসের ওপরও গুরুত্বারোপ করেছে মেটা, যা ব্যবহারকারীদের বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেয়।
বিবৃতিতে মেটা আরো জানায়, চলতি বছরের শেষ নাগাদ আমরা এ প্রকল্পের কাজ স্থগিত করব। পাশাপাশি এক্সপ্রেস ওয়াই-ফাইয়ের অংশীদারদের সঙ্গে কাজ করব, যাতে তাদের ব্যবসায়িক ও গ্রাহক পর্যায়ের সংযোগ প্রভাবিত না হয়। অর্থাৎ যারা এ পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন তারা নতুন কোনো সাপোর্ট পাবেন না বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।










