মেইনফ্রেম ও ইউনিক্স সার্ভার সিস্টেম ব্যবসা বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছে ফুজিতসু। চলতি দশক শেষে এ দুটি পরিষেবা বন্ধ করে দেবে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর টেকরাডার।

ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে প্রযুক্তি জায়ান্টটি জানায়, ২০৩০ সাল নাগাদ কোম্পানিটি তাদের মেইনফ্রেম ও ইউনিক্স সার্ভার সিস্টেম বিক্রি বন্ধ করে দেবে। তবে সাপোর্টস সিস্টেম পরিষেবা আরো পাঁচ বছর চলমান থাকবে। ২০৩০ সাল থেকে মেইনফ্রেম সিস্টেম এবং ২০২৯ সালের শেষ দিকে ইউনিক্স সার্ভার সিস্টেমের উৎপাদন ও বিক্রি বন্ধ করে দেবে ফুজিতসু। ২০৩৪ সালে ইউনিক্স এবং ২০৩৫ সালে মেইনফ্রেম সার্ভারের সাপোর্ট সেবা বন্ধ হয়ে যাবে।

নোটিসে ফুজিতসু জানায়, অদূর ভবিষ্যতে সমাজের সবকিছু ডিজিটাল টাচপয়েন্টের মাধ্যমে যুক্ত থাকবে। সেজন্য গতিশীল ডিজিটাল অবকাঠামো তৈরির প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তাদের বিদ্যমান কোর সিস্টেমে পরিবর্তন আনতে হবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে অবস্থান ধরে রাখতে সম্পূর্ণ ডিজিটাল, হাইব্রিড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা কার্যকর করতে হবে।

পরিকল্পনার অংশ হিসেবে ফুজিতসু তাদের মেইনফ্রেম ও ইউনিক্স সার্ভারকে ক্লাউড কানেকশনে রূপান্তর করবে। ফুজিতসু ইউভান্স নামে এটি পরিচালনা করা হবে। নতুন ব্র্যান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে কম্পিউটিং তথ্য ব্যবহারের সুবিধা দেবে। ফুজিতসুর ভবিষ্যতের জন্য এ পদক্ষেপকে ভাবা হলেও প্রতিষ্ঠানটির গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের মেইনফ্রেম অ্যাপ্লিকেশনকে রূপান্তর অথবা স্ক্র্যাচ থেকে পুনর্গঠন করতে হবে। ইউনিক্স সার্ভারে গ্রাহকরা কোনো সমস্যা ছাড়াই তাদের দরকারি ফাইল লিনাক্সে স্থানান্তর করতে পারে।