প্রযুক্তি জায়ান্ট গুগল ক্লাউডের সঙ্গে নতুন চুক্তি করেছে ভারতের মাহিন্দ্রা গ্রুপ। ডিজিটাল ট্রান্সফরমেশন পরিকল্পনার অংশ হিসেবে এ চুক্তি করেছে বহুজাতিক প্রতিষ্ঠানটি। খবর গ্যাজেটস নাউ।
চুক্তির অংশ হিসেবে মাহিন্দ্রা গ্রুপের ডিজিটাল ইঞ্জিন (এমডিই) গুগল ক্লাউডের নিরাপদ ও বিশ্বস্ত অবকাঠামো এবং তথ্য বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করবে বলে প্রতিষ্ঠান দুটির বিবৃতি সূত্রে জানা গেছে। মাহিন্দ্রা গ্রুপের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহিত কাপুর বলেন, অত্যাধুনিক ক্লাউডভিত্তিক প্রযুক্তি ও ডাটা ম্যানেজমেন্ট কৌশল ব্যবহারের মাধ্যমে গ্রুপটি ভবিষ্যতের জন্য কাজ করছে। যাতে যেকোনো সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা যায় এবং কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা যায়।
তিনি আরো বলেন, গুগল ক্লাউডের উন্নত প্রযুক্তিগত অবকাঠামো ও ডাটা পরিচালন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে নতুন উদ্ভাবন করতে পারব এবং সেরা প্রযুক্তিবিদদের আকর্ষণের মাধ্যমে প্রতিভাপূর্ণ কর্মীর সংখ্যা বাড়াতে পারব।
বিবৃতির তথ্যানুযায়ী, গ্রুপটির মূল কার্যক্রমের পাশাপাশি একাধিক ব্যবসায়িক খাত, গ্রাহক ও কর্মী পরিচালনায় নতুন উদ্ভাবন করাই এ চুক্তির মূল লক্ষ্য। চুক্তির অধীনে মাহিন্দ্রা গ্রুপ তাদের ব্যবসার সঙ্গে জড়িত ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন, ডাটা ওয়্যারহাউজ ও লেককে এসএপি প্রোগ্রামের অধীনে গুগল ক্লাউডে স্থানান্তর করবে।










