কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করায় নয় কোটির বেশি ভিডিও সরিয়ে দিয়েছে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটক। গাইডলাইন আপডেটের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে প্লাটফর্মটি।

সম্প্রতি প্লাটফর্মটি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী নয় কোটির বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক, যা আপলোড করা মোট ভিডিওর প্রায় ১ শতাংশ। ৭৩ দশমিক ৯ শতাংশ হয়রানি এবং ৭২ দশমিক ৪ শতাংশ প্রতিহিংসামূলক ভিডিও সক্রিয়ভাবে সরানো হয়েছে। ব্যবহারকারীদের কাছ থেকে রিপোর্ট আসার আগেই এগুলো সরানো হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৪০ লাখ এবং রাশিয়ায় প্রায় ৭০ লাখ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি লাখ লাখ স্প্যাম অ্যাকাউন্ট থেকে জাল সম্পৃক্ততা রোধে কোটি কোটি ভুয়া লাইক, ফলোয়ার ও ফলো রিকোয়েস্ট স্থায়ীভাবে সরিয়ে দেয়া হয়েছে। তৃতীয় প্রান্তিকে কভিড-১৯ সংবলিত ৪৬ হাজারেরও বেশি ভুল তথ্যের ভিডিওসহ মোট ৮২ দশমিক ৮৬ শতাংশ ভিডিও সক্রিয়ভাবে প্লাটফর্ম থেকে সরানো হয়েছে।

টিকটক প্রতিনিয়ত তাদের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে। ফলে ভিডিও আপলোডের সময় নির্দিষ্ট কিছু ক্যাটাগরি শনাক্তের মাধ্যমে আপত্তিকর ভিডিও অপসারণ করা সম্ভব হয়। এগুলোর মধ্যে নগ্নতা, যৌনতা, শিশুনিরাপত্তা, অবৈধ কাজ ও নিয়ন্ত্রিত পণ্য অন্যতম। এর পরিপ্রেক্ষিতে প্লাটফর্মটিতে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের পরিমাণ বেড়েছে। যা ঘৃণাত্মক বক্তব্য, প্রতিহিংসামূলক কনটেন্ট, হয়রানি ও ভুল তথ্যের মতো অপ্রাসঙ্গিক বা সূক্ষ্ম বিষয়বস্তু পর্যালোচনায় টিকটকের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উন্নতিকে নির্দেশ করে।