সিঙ্গাপুরে চিপ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে ৫০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে তাইওয়ানের ইউনাইটেড মাইক্রোইলেকট্রনিকস করপোরেশন (ইউএমসি)। বৈশ্বিক চিপস্বল্পতার মধ্যে গ্রাহকদের কাছে নির্ধারিত সময়ে ক্রয়াদেশ তুলে দিতে গতকাল এ পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বের চতুর্থ বৃহত্তম চিপ নির্মাতা কোম্পানিটি। খবর নিক্কেই এশিয়া।

চুক্তিভিত্তিক চিপ নির্মাতা কোম্পানি ইউএমসির গ্রাহকদের তালিকায় রয়েছে স্যামসাং, মিডিয়াটেক ও কোয়ালকমের মতো সেমিকন্ডাক্টর জায়ান্ট। সিঙ্গাপুরে বিদ্যমান ম্যানুফ্যাকচারিং সাইটের পাশাপাশি আরেকটি নতুন চিপ কারখানা স্থাপন করতে যাচ্ছে ইউএমসি। নতুন কারখানায় ২২ থেকে ২৮ ন্যানোমিটার প্রযুক্তির চিপ তৈরি হবে।  ইউএমসি জানায়, নতুন কারখানায় ২০২৪ সালের শেষের দিকে উৎপাদন শুরু হবে। প্রতি মাসে ৩০ হাজার ওয়েফার নির্মাণ সক্ষমতা থাকবে কারখানাটির।

বিশ্বের প্রায় সব চিপ নির্মাতা কোম্পানি যখন বিনিয়োগ বৃদ্ধির ঘোষণা দিচ্ছে, তখন সে তালিকায় যুক্ত হলো ইউএমসিও।

২৮ ন্যানোমিটারের চিপ উৎপাদনে চীনের নানজিং শহরের কারখানায় কার্যক্রম সম্প্রসারণ করছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। এছাড়া ২২-২৮ ন্যানোমিটারের চিপ নির্মাণে জাপানেও প্রথম কারখানা স্থাপন করেছে তারা। তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিয়াং ২৮ ন্যানোমিটারের চিপ কারখানা নির্মাণ করছে টিএসএমসি।

এদিকে শীর্ষ চীনা চিপ নির্মাতা কোম্পানি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি) শেনজেন, সাংহাই ও বেইজিংয়ে কারখানা তৈরি করছে।

সিঙ্গাপুরে ৪০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত গ্লোবালফাউন্ড্রিজ। ২০২৪ সালের মধ্যে সেখানে নতুন কারখানা চালু করবে বিশ্বের তৃতীয় বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা কোম্পানিটি।