সাময়িক সময়ের জন্য ইউক্রেনে হিটম্যাপ ফিচার বন্ধের ঘোষণা দিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। ফলে নির্দিষ্ট অঞ্চলে কী পরিমাণ স্ন্যাপ গ্রহণ করা হয়েছে, সে-সংক্রান্ত তথ্য আর দেখা যাবে না। দ্য ভার্জ।
এক বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, নিরাপত্তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ইউক্রেনের ব্যবহারকারীদের আপলোডকৃত স্ন্যাপের কিউরেটেড ফিড চালু থাকবে। সাধারণত কোনো এলাকায় ব্যবহারকারীদের পোস্ট করা ছবির পরিমাণ বোঝাতে নির্দিষ্ট রঙ দেখানো হয়। স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীরা কোথায় বেশি মনোনিবেশ করেছেন, সে বিষয়ে তথ্য পাওয়া যায়।
সাধারণত ব্যবহারকারীদের এসব তথ্য তেমন গুরুত্বপূর্ণ না হলেও যুদ্ধকালীন পরিস্থিতিতে এ ফিচার বন্ধ থাকাই উত্তম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেননা এখান থেকে হয়তো রাশিয়া দেশত্যাগ বা জনগণের চলাফেরাসংক্রান্ত তথ্য পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের অধিবাসীদের চলাচল-সংক্রান্ত তথ্য গোপনে আরো অনেক প্রতিষ্ঠান একই ব্যবস্থা নিয়েছে। গুগল ও অ্যাপল লাইভ ট্রাফিক ইনফরমেশন বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার সামরিক আগ্রাসনকে কেন্দ্র করে হিটম্যাপ বন্ধের পাশাপাশি স্ন্যাপচ্যাট আরো কিছু ব্যবস্থা নিয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্লাটফর্মটি রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনে বিজ্ঞাপন দেখানো এবং রাশিয়ান প্রতিষ্ঠানগুলোর কাছে বিজ্ঞাপনের জায়গা বিক্রি বন্ধ করে দিয়েছে।










