টিমসে থাকা ফাইল সহজে খুঁজে পেতে ওয়ানড্রাইভে ইওর টিমস যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। ব্যবহারকারীরা যেন সহজে ও কম সময়ে পছন্দের ফাইলে প্রবেশ করতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর গ্যাজেটসনাউ।
উইন্ডোজ সেন্ট্রাল প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগামী এপ্রিলের শুরুর দিকে একাধিক আপডেটের মাধ্যমে ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। মাইক্রোসফট ৩৬৫ রোডম্যাপ এন্ট্রির তথ্যানুযায়ী, ওয়ানড্রাইভের মোর প্লেসেস পেজে ইওর টিমস ফিচারটি যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই টিমস থেকে পছন্দের ও প্রয়োজনীয় ফাইল বের করে কাজ করতে পারবে।
সম্প্রতি এক ঘোষণায় মাইক্রোসফট জানায়, টিমসের ব্যবহারকারীদের জন্য লিংকডইনের সেবা যুক্ত করার বিষয়ে কাজ করছে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা একে অন্যের সঙ্গে কথোপকথনের সময় তাদের সহকর্মীদের প্রোফাইল দেখতে পারবে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সহকর্মীদের বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবে।










