সেলফোন ব্যবহারকারীদের অভিযোগ দেয়ার প্লাটফর্ম হেল্পলাইন ১০০ আধুনিকীকরণে জেনেক্স ইনফোসিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। সম্প্রতি বিটিআরসি আয়োজিত এক অনুষ্ঠানে তিন বছর মেয়াদি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

টেলিকমিউনিকেশন-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিতে কমপ্লেইনস ফর টেলিকমিউনিকেশন সার্ভিস (সিটিএস) নামের কল সেন্টার স্থাপন করে বিটিআরসি। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহকরা হেল্পলাইন ১০০-তে কল করে সেবা গ্রহণ করে আসছেন।

বিটিআরসির পক্ষে প্রতিষ্ঠানটির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের ব্যবস্থাপক সাজেদা পারভিন ও জেনেক্স ইনফোসিসের পক্ষে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক প্রিন্স মজুমদার স্বাক্ষর করেন। এ সময় বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মিত্র উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্যাম সুন্দর সিকদার বলেন, হেল্পলাইন ১০০-কে আধুনিকীকরণের জন্য জেনেক্স ইনফোসিসের সঙ্গে চুক্তিটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এছাড়া অভিযোগ গ্রহণের এ প্রক্রিয়ায় স্মার্ট আইভিআর, চ্যাটবক্স ও হোয়াটসঅ্যাপের মতো সার্ভিসগুলোর সংযোজন গ্রাহকদের অভিযোগ ও পরামর্শ প্রদানের পথ সহজ করবে।

জেনেক্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক প্রিন্স মজুমদার বলেন, সাধারণ ব্যবহারকারীদের সঙ্গে টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থার যোগাযোগ নিশ্চিত করতে হেল্পলাইন ১০০ প্রশংসনীয় একটি উদ্যোগ।