ফুটবল গেম ফিফা ২০২২ ও ন্যাশনাল হকি লিগ থেকে রাশিয়ান দল সরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে গেম ডেভেলপার প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস (ইএ)। খবর টেকরাডার।
ইএ স্পোর্টসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে ফিফা ও এনএইচএলের জন্য ঘোষণা দেয়া হয়। যা ইলেকট্রনিক আর্টস (ইএর) অংশীদার ফিফা, উয়েফা ও আন্তর্জাতিক আইস হকি ফেডারেশনের উদ্যোগের প্রতিফলন। ফিফার টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে ইএ স্পোর্টস জানায়, ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ফুটবলের জগতে বিভিন্ন দেশের সঙ্গে তারাও ইউক্রেনে পরিচালিত সামরিক আগ্রাসনের অবসানের কথা জানায়।
ইএ জানায়, ফিফা ও উয়েফার মতো অংশীদারদের সঙ্গে সম্মিলিত সিদ্ধান্তের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ফিফা ২২, ফিফা মোবাইল, ফিফা অনলাইনসহ সব প্লাটফর্ম থেকে রাশিয়ার জাতীয় দল ও ক্লাবগুলো সরিয়ে দেবে। পাশাপাশি গেমগুলোর অন্যান্য খাতে পরিবর্তনের বিষয়েও কাজ করবে।
ইএ স্পোর্টস এনএইচএলের অ্যাকাউন্টে দেয়া পোস্টে বলা হয়, আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় রাশিয়ান ও বেলারুশের জাতীয় ও ক্লাব পর্যায়ের সব দল বাদ দেয়ার সিদ্ধান্তের সঙ্গে আমাদের সম্মতি জানিয়ে আসন্ন সপ্তাহে এনএইচএল ২২ থেকে সব দল অপসারণ করা হবে।










