ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখাতে বিভিন্ন প্রতিষ্ঠান ব্রাউজিং হিস্ট্রির কুকিজ ব্যবহার করেন। শিগগিরই কুকিজ বন্ধ করবে গুগল। পাশাপাশি নতুন পদ্ধতির পরীক্ষা চালাচ্ছে গুগল। খবর এনগ্যাজেট।

কুকিজের বিকল্প অনুসন্ধানের জন্য ২০১৯ সালে প্রাইভেসি স্যান্ডবক্স চালু করে গুগল। গত বছর ফেডারেটেড লার্নিং অব কোহর্টস (এফএলওসি) চালুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি প্রতিষ্ঠান। এফএলওসি চালুর সময় আবারো পেছায়। পাশাপাশি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে প্রাইভেসি স্যান্ডবক্স নিয়ন্ত্রক সংস্থার গভীর তদন্তের মুখে পড়ে। সম্প্রতি এক ঘোষণায় টপিক্স এপিআই নামে নতুন পদ্ধতির পরীক্ষামূলক ব্যবহারের বিষয়ে ঘোষণা দিয়েছে গুগল। এফএলওসির পরিবর্তে এটি ব্যবহার হবে।

ব্যবহারকারীরা ক্রোম ব্রাউজারে যে পাঁচটি বিষয়ে সবচেয়ে বেশি অনুসন্ধান করবেন, সেগুলোর ওপর নির্ভর করেই এপিআই কাজ করবে। ইন্টারেক্টিভ অ্যাডভার্টাইজিং ব্যুরো ও গুগলের নিজস্ব তথ্য ভাণ্ডার থেকে প্রাপ্ত ৩৫০টি বিষয়ের তালিকার মধ্য থেকে ব্যবহারকারীর পছন্দের বিষয়গুলো মিলিয়ে দেখবে বলে সূত্রে জানা গেছে।

ব্যবহারকারীরা কোন বিষয়ে অনুসন্ধান করছেন, সেটি জানতে হলে বিজ্ঞাপনদাতারা টপিক এপিআইয়ের মাধ্যমে ব্রাউজার পিং করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি ভ্রমণসংক্রান্ত ওয়েবসাইট বেশি ব্রাউজ করেন তাহলে ক্রোম ব্রাউজার সে সপ্তাহের জন্য বিষয়টিকে তালিকাবদ্ধ করবে এবং অংশীদার প্রকাশকদের জানাবে। তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীদের পছন্দের বিষয়ে বিজ্ঞাপন দেখানো হবে। প্রতি তিন সপ্তাহের তথ্য থেকে ব্যবহারকারীর পছন্দের বিষয় নির্বাচন করা হবে। গুগল জানায়, তিন সপ্তাহ পর্যন্ত টপিক সংরক্ষিত থাকে। এরপর পুরনোগুলো মুছে দেয়া হয়। সবকিছুই ব্যবহারকারীর ডিভাইসের অভ্যন্তরেই সম্পন্ন হয়।