ভুল ও মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে নীতিমালায় পরিবর্তন এনেছে ভিডিও লাইভ স্ট্রিমিং পরিষেবা প্রতিষ্ঠান টুইচ। নতুন নীতির অধীনে যেসব ব্যবহারকারী ঘন ঘন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করবেন, তাদের অ্যাকাউন্ট ব্যান বা বন্ধ করে দেয়া হবে। দ্য  নিউইয়র্ক টাইমস এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে। খবর এনগ্যাজেট।

এক ব্লগপোস্টে টুইচ জানায়, প্রতিদিন বিভিন্ন চিন্তাধারার মানুষ প্লাটফর্মটিতে জড়ো হয়ে আলাদা কমিউনিটি গড়ে তুলছে। আমরা গর্বিত যে টুইচ বিভিন্ন ধরনের মানুষকে একটি প্লাটফর্মে নিয়ে আসতে পেরেছে। তবে যারা অনলাইন প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়ায়, তাদের এখানে কোনো জায়গা নেই। তাদের যদি ছাড় দেয়া হয় তাহলে টুইচ প্লাটফর্ম মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।

নতুন নীতিমালার অধীনে ব্যবস্থা গ্রহণ করতে হলে চ্যানেলগুলোকে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে। নীতিমালায় বলা হয়, যেসব ব্যবহারকারী অনলাইন প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত ভুল ও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাদের সরিয়ে ফেলাই মূল উদ্দেশ্য।

ভুল তথ্য প্রতিরোধে আরোপিত নীতিমালায় কভিড-১৯ ভ্যাকসিন, নির্বাচনসংক্রান্ত ভুল তথ্য ও বিভিন্ন চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে প্রচলিত ভ্রান্ত ধারণা প্রতিরোধ করা হবে। টুইচ জানায়, প্লাটফর্মটি গ্লোবাল ডিজইনফরমেশন ইনডেক্সের মতো ভুল তথ্যের প্রচার বন্ধে স্বতন্ত্র প্রতিষ্ঠান ও অভিজ্ঞদের সঙ্গে কাজ করছে।