চলতি বছরের জানুয়ারি শেষে তাইওয়ানের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিডিয়াটেকের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে মাসের হিসাবে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে আয় ৫ দশমিক ৮ শতাংশ কমেছে। খবর ইটি টেলিকম ও গিজমোচায়না।
২০২২ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির মোট আয়ের পরিমাণ ৪ হাজার ৩৫০ কোটি নিউ তাইওয়ান ডলার বা ১৫৫ কোটি ডলার। আইটিহোম প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ২০২২ সালের প্রথম প্রান্তিকে ১৩ হাজার ১০০ থেকে ১৪ হাজার ১৫০ কোটি নিউ তাইওয়ান ডলার আয়ের পূর্বাভাস দিয়েছিল, যা গত প্রান্তিকের তুলনায় ২-১০ শতাংশ এবং গত বছরের তুলনায় ২১-৩১ শতাংশ বেশি।
এক বিবৃতিতে মিডিয়াটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাই লিক্সিং জানান, প্রযুক্তিবাজারে ফাইভজি প্রযুক্তির চাহিদা এবং প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ চিপসেট ডাইমেনসিটি ৯০০০-এর বাজারজাত আয় বাড়ার অন্যতম কারণ। প্রতিষ্ঠানটির ২০২১ সালের অর্থনৈতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছর মিডিয়াটেকের বার্ষিক আয় ৪৯ হাজার ৩৪০ কোটি নিউ তাইওয়ান বা ১ হাজার ৭৬০ কোটি ডলারে পৌঁছেছে, বছরওয়ারি হিসাবে যা ৫৩ দশমিক ২ দশমিক বেশি।
এক ঘোষণায় মিডিয়াটেক ২০২২ সালকে দ্রুত ব্যবসায়িক বৃদ্ধির, সাফল্যের, গবেষণা ও উল্লেখযোগ্য সম্প্রসারণের বছরে রূপান্তরে কাজ করছে। ফ্ল্যাগশিপ সেগমেন্টে সম্প্রতি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপ উন্মুক্তের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এ চিপের মাধ্যমে অধিক শক্তিশালী ও ফ্ল্যাগশিপ ফাইভজি স্মার্টফোন তৈরি করা সম্ভব হবে। তাইওয়ানের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির নতুন প্রসেসরে ৩ দশমিক ৫ গিগাহার্টজের একটি করটেক্স এক্স২ পারফরম্যান্স কোর, ২ দশমিক ৮৫ গিগাহার্টজের তিনটি করটেক্স এ৭১০ কোর ও চারটি ১ দশমিক ৮ গিগাহগার্টজের করটেক্স এ৫১০ কোর রয়েছে।
সফলতার সঙ্গে ২০২১ পার করার পর নতুন বছরের জন্য বড় পরিকল্পনা করেছে মিডিয়াটেক। গত বছরের তুলনায় তাদের আয় ৪৭০-৫১০ কোটি ডলার বাড়তে পারে, যা ২০২১ সালের চতুর্থ প্রান্তিকের চেয়ে ২-১০ শতাংশ বেশি। মিডিয়াটেক সবচেয়ে আশাবাদী তাদের ডাইমেনসিটি ৯০০০ ফ্ল্যাগশিপ প্রসেসর ও ফাইভজি নিয়ে। চিপসেটের গ্রাহক হিসেবে অপো, ভিভো ও শাওমির মতো স্মার্টফোন জায়ান্ট প্রথম দিকে রয়েছে।
সক্ষমতা বৃদ্ধির দিক থেকে স্থানীয় আরেক চিপ নির্মাতা জায়ান্ট তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে (টিএসএমসি) গত বছর বেশ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মিডিয়াটেক। ২০২২ সালও তাদের জন্য আরেকটি সফল বছর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মিডিয়াটেকের বিশেষ মনোযোগ স্মার্টফোন চিপসেট সেগমেন্টে। ২০২২ সালের প্রথম প্রান্তিকে ৩৯ শতাংশ বাজার হিস্যার লক্ষ্যমাত্রা তাইওয়ানভিত্তিক কোম্পানিটির। আরেক প্রতিদ্বন্দ্বী কোয়ালকমের বাজার হিস্যা ২৯ শতাংশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে চলমান চিপ ও উপাদান সংকটের কারণে কোয়ালকম চিপ উৎপাদন কমিয়েছে এবং ফ্ল্যাগশিপ সিরিজের দাম বাড়িয়েছে। পাশাপাশি অটোমোটিভ চিপ, ইন্টারনেট অব থিংস (আইওটি), রেডিও
ফ্রিকোয়েন্সি (আরএফ) খাতে বিনিয়োগের মাধ্যমে আয় বাড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।










