স্থানীয় চিপ নির্মাতা কোম্পানির কার্যক্রম সম্প্রসারণে ভর্তুকির জন্য প্রস্তাবিত বিলটি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। শুক্রবার কংগ্রেস সেশনে ২২২-২১০ ভোটে অনুমোদন পেল কমপিটস অ্যাক্টটি। চায়না কম্পিটিশন বিল হিসেবে পরিচিত বিলটি আইনে পরিণত হলে নতুন ভর্তুকি পাবে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং শিল্প। সব শিল্পের জন্য গুরুত্বপূর্ণ চিপ শিল্পে ভর্তুকির মাধ্যমে অর্থনীতিতে গতি ফেরানোর লক্ষ্যে এ বিল উপস্থাপিত হয়েছে। খবর এপি ও দ্য ভার্জ।
প্রতিনিধি পরিষদে ভোটের ক্ষেত্রে দলীয় অবস্থান দেখা গেছে। ডেমোক্র্যাট দলীয় সদস্যরা এ বিলের পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে পড়েছে রিপাবলিকান কংগ্রেসম্যানদের ভোট। মাত্র একজন রিপাবলিকান কংগ্রেসম্যান বিলের পক্ষে সমর্থন দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর খাত শক্তিশালী করতে ৫ হাজার ২০০ কোটি ডলার সরবরাহের প্রস্তাব রয়েছে দ্য কমপিটস অ্যাক্টে। এর মধ্যে ৩ হাজার ৯০০ কোটি ডলার ভর্তুকি যাবে সরাসরি নতুন ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটিতে। যেসব কোম্পানি এ ভর্তুকি পেতে পারে বলে মনে করা হচ্ছে, তারা এরই মধ্যে কারখানা কার্যক্রম চালাচ্ছে। অ্যারিজোনায় ১ হাজার ২০০ কোটি ডলার ব্যয়ে ফাউন্ড্রি নির্মাণ করছে টিএসএমসি। এ কারখানায় চিপ নির্মাণ শুরু হবে ২০২৪ সালে। এদিকে ওহাইওতে ২ হাজার কোটি ডলার ব্যয়ে ফাউন্ড্রি কারখানা নির্মাণ শুরু করেছে ইন্টেল।
প্রতিনিধি পরিষদে অনুমোদিত বিলটি প্রায় তিন হাজার পৃষ্ঠার। যদি বিলটি আইনে পরিণত হয় তাহলে শিল্প প্রযুক্তিতে চীনের সঙ্গে টেক্কা দিতে সক্ষম হবে। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আমরা যে বিলটি পাস করেছি, এটা দেশে অনেক কর্মসংস্থান সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং খাতকে শক্তিশালী করতে এটা ভূমিকা রাখবে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমাদের সরবরাহ চেইন শক্তিশালী করতে চীন কিংবা বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় আমাদের ম্যানুফ্যাকচারিং খাতকে চাঙ্গা করতে বিলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, প্রতিনিধি পরিষদ ও সিনেট বিলটি পাস করে দ্রুততম সময়ে আমার টেবিলে পাঠাবে তার অপেক্ষায় আছি। যুক্তরাষ্ট্র আইনটির জন্য আর বসে থাকতে পারে না।
সিনেটে পাস হওয়ার পর বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। প্রেসিডেন্ট স্বাক্ষর দিলে বিলটি আইনে পরিণত হবে।
রিপাবলিকান কংগ্রেসম্যানরা বিলটির বিরোধিতা করলেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট আইনপ্রণেতাকে উল্লসিত দেখা যাচ্ছে। গত জানুয়ারিতে ৪ লাখ ৬৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির উপাত্ত তাদের পক্ষে গিয়েছে।
বিলটির গুরুত্বপূর্ণ দিক হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জন্য ৮০০ কোটি ডলার বরাদ্দ করা। কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ তহবিল সরবরাহ করা হবে।
১৯৯০-এর দশকের শুরুতে বৈশ্বিক চিপ বাজারে যুক্তরাষ্ট্রের বাজার হিস্যা ছিল ৩৭ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোয় তা ১২ শতাংশে দাঁড়িয়েছে। বৈশ্বিক চিপ উৎপাদনের ৭৫ শতাংশ হিস্যা এখন পূর্ব এশিয়ার। সবচেয়ে অগ্রসর চিপের ৯০ শতাংশ তৈরি হচ্ছে তাইওয়ানে। করোনা পরিস্থিতিতে সরবরাহ চেইন সংকট এবং তাইওয়ান নিয়ে চীনের পলিসি যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার পর থেকেই চিপ নির্মাণে সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন।
সিনেটর বার্নি স্যান্ডার্সের মতো কিছু রাজনীতিবিদ অবশ্য চিপ নির্মাতা কোম্পানিকে ভর্তুকির বিরোধিতা করছেন। তাদের যুক্তি সেমিকন্ডাক্টর শিল্প এমনিতেই বেশ লাভজনক। সেখানে রাষ্ট্রীয় সহায়তার প্রয়োজন নেই।
এদিকে বাণিজ্যমন্ত্রী রাইমন্ডো বলেন, এশিয়ার তুলনায় যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন অনেক ব্যয়বহুল। যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপনে চিপ নির্মাতাদের আকর্ষণ করতে চাইলে তাদের ভর্তুকি দিতে হবে। চিপ সংকট এখন শুধু অর্থনৈতিক ইস্যু নয়, বরং এটা জাতীয় নিরাপত্তা ইস্যু। সামরিক উপকরণ, কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশনের জন্য হাই-টেক চিপ প্রয়োজনীয়।










