পিছিয়ে পড়া কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ১০ কোটি ডলার বিনিয়োগ করবে স্পটিফাই। দ্য হলিউড রিপোর্টারে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর টেকক্রাঞ্চ।

এক মেমোতে স্পটিফাই সিইও ড্যানিয়েল ইক জানান, পিছিয়ে পড়া কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গীত ও অডিও কনটেন্টের লাইসেন্সিং, উন্নয়ন ও প্রচারণায় এ অর্থ ব্যয় করা হবে। সাম্প্রতিক স্পটিফাই-রোগান বিতর্কের মধ্যেই এ বিনিয়োগের ঘোষণা দিল অডিও স্ট্রিমিং জায়ান্টটি।

দশক পুরনো পডকাস্টে বর্ণবাদী মন্তব্যের জেরে সম্প্রতি জো রোগানের ৭০টিরও বেশি এপিসোড সরিয়ে নিয়েছে স্পটিফাই। উল্লেখ্য, সেলিব্রেটি উপস্থাপক জো রোগানের সঙ্গে ১০ কোটি ডলার ব্যয় করে একটি এক্সক্লুসিভ চুক্তি করেছিল স্পটিফাই। কয়েক সপ্তাহ ধরে চলা বিতর্কের জেরে যখন বেশ কয়েকজন শিল্পী প্লাটফর্ম ছাড়ছেন, তখন পিছিয়ে পড়া কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ১০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করলেন স্পটিফাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা।

কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে সিইও ড্যানিয়েল ইক লেখেন, আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে জো রোগানের মতো চরিত্রকে সাইলেন্স করে দেয়া সমাধান নয়। যখন কোনো কনটেন্ট সীমা অতিক্রম করে, তখন আমরা শুধু সতর্ক করতে পারি। বিতর্ক উঠলেই কাউকে বয়কট করে দেয়া বেশ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। আমরা বিভিন্ন বিতর্ককে খোলা মনে স্বীকার করতে পারি। 

সপ্তাহব্যাপী একের পর এক বিতর্কে জর্জরিত হলেও অন্যান্য স্ট্রিমিং সার্ভিসের মতো বাজার হিস্যা হারায়নি সুইডেনভিত্তিক অডিও জায়ান্টটি। বড় অঙ্কের তহবিল ঘোষণার মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের ধরে রাখার চেষ্টা করছে স্পটিফাই।