সাইডলোডিংয়ের মাধ্যমে স্মার্টফোনে অ্যাপ ইনস্টলে অ্যাপল প্রথম থেকেই বিরোধিতা করে আসছিল। তবে নিরাপত্তা ইস্যুকে এড়িয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা সাইডলোডিংকে স্বীকৃতি দিয়েছেন। এর পর পরই আইনপ্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে এর ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করেছে অ্যাপল। খবর রয়টার্স।
সফটওয়্যার বা অ্যাপ ইনস্টলের জন্য গুগল ও অ্যাপলের নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে। নির্ধারিত সাইটের বাইরে অন্য জায়গা থেকে অ্যাপ ডাউনলোডকে সাইডলোড বলা হয়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বাজারের স্বচ্ছতা নিশ্চিতে এবং অ্যাপসের প্রচলনে সাইডলোডিংকে স্বীকৃতি দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।
গুগল ও অ্যাপলের অ্যাপ স্টোরের প্রভাবে লাগাম টানতে কংগ্রেস বর্তমানে নতুন আইন প্রণয়নে কাজ করছে। আইন কার্যকর হলে প্রযুক্তি জায়ান্টদের সাইডলোডিংকে সমর্থন দিতে হবে। অ্যাপল প্রথম থেকেই বিষয়টিকে ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে আসছে। প্রযুক্তি জায়ান্টটি গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোরভাবে অ্যাপ স্টোর পরিচালনা করে।
সিনেটের বিচার বিভাগীয় কমিটির সদস্যদের কাছে পাঠানো চিঠিতে অ্যাপল জানায়, কম্পিউটার বিশেষজ্ঞ ও সমালোচক ব্রুস স্নাইয়ার সাইডলোডিংয়ের ক্ষতিকর দিক না খুঁজে পাওয়ার বিষয়ে যে অভিমত দিয়েছেন, সে বিষয়ে প্রতিষ্ঠানটি অবগত। যুক্তিতর্কে অ্যাপল জানায়, সব ম্যালওয়্যার প্রযুক্তিগতভাবে ব্যবহারকারীদের ডিভাইসে প্রবেশের চেষ্টা করে না। কোনো কোনো ম্যালওয়্যার ব্যবহারকারীকে সফটওয়্যার ডাউনলোডে উদ্বুদ্ধও করে। কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি জানায়, অ্যাপ স্টোরে অ্যাপল যে রিভিউ দেয়, তা ম্যালওয়্যারের বিস্তার ও সংক্রমণ থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখে।
রাষ্ট্র পরিচালিত হ্যাকাররা সহজেই স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার বিষয়ে স্নাইয়ারের অভিমতের সঙ্গে সম্মতি প্রকাশ করেছে অ্যাপল। তবে এটি হওয়ার সম্ভাবনা যে খুবই কম, সেটিও জানিয়েছে অ্যাপল।
চিঠিতে অ্যাপল জানায়, থার্ড পার্টি অ্যাপ স্টোরগুলো ম্যালওয়্যার ছড়ানোর ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। সিনেট জুডিশিয়ারি কমিটির প্রধান ডিক ডারবিন, শীর্ষ রিপাবলিকান চাক গ্রাসলে ও মাইক লি এবং অ্যান্টিট্রাস্ট সাব-কমিটির প্রধান এমি ক্লোবুচারের কাছে চিঠিটি পাঠানো হয়।
ফেব্রুয়ারির শুরুতে বিলটি অনুমোদনে ভোট দেয় কমিটি। বিলে অ্যাপ ডেভেলপারদের থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম ব্যবহারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে। পাশাপাশি আলাদা প্লাটফর্ম ব্যবহারে কোনো জরিমানা না করার কথাও বলা হয়েছে।










