২০২১ পঞ্জিকাবর্ষে ভারতে ট্যাবলেটের বাজার ৪ শতাংশ বেড়েছে। বিক্রির দিক থেকে শীর্ষে ছিল লেনোভো। সম্প্রতি গবেষণা সংস্থা সাইবারমিডিয়া রিসার্চের (সিএমআর) এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটির আশা, চলতি বছর বাজার ৫ থেকে ১০ শতাংশে উন্নীত হবে। খবর ইটি টেলিকম।

২০২১ সালে ভারতে ৪৬ শতাংশ বাজার দখলে নিয়ে শীর্ষে ছিল লেনোভো। এরপর ২০ শতাংশ নিয়ে অ্যাপল, ১৮ শতাংশ নিয়ে স্যামসাং এবং রিয়েলমির নিয়ন্ত্রণে ৬ শতাংশ বাজার ছিল। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার বিষয়ে সিএমআর জানায়, এন্টারপ্রাইজ ট্যাবলেট বিজনেসের মাধ্যমে লেনোভো বাজারে শীর্ষস্থান অর্জন করতে পেরেছে। বছরওয়ারি হিসাবে প্রতিষ্ঠানটির ডিভাইস বিক্রি ২৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে আইপ্যাড বিক্রির মাধ্যমে এক বছরে অ্যাপলের বিক্রি ২৯ শতাংশ বেড়েছে। তৃতীয় অবস্থানে থাকা স্যামসাংয়ের বিক্রি ৩৬ শতাংশ কমেছে।

সিএমআর জানায়, বার্ষিক হিসাবে চতুর্থ প্রান্তিকে ট্যাবলেটের বাজার ৩১ শতাংশ বেড়েছে। একই সময় ফোরজি ট্যাবলেটের বিক্রি ২ শতাংশ বেড়েছে। সিএমআরের ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স গ্রুপের গবেষক মেঙ্কা কুমারির মতে, কভিড-১৯ মহামারীর কারণে বাসা থেকে কাজ, শিক্ষাগ্রহণ ও বিনোদনের জন্য ডিভাইসের চাহিদা ক্রমে বেড়েছে। ফলে ট্যাবলেট ডিভাইস টানা দুই বছর বিক্রির দিক থেকে বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে।