দেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে রিয়েলমি। রিয়েলমি ৯ আই নামের স্মার্টফোনটিতে ৬ মিলিমিটারের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটি উন্মোচন করা হয়েছে।

রিয়েলমি ৯ আই বাংলাদেশের প্রথম ফোরজি ফোন, যেটিতে ৬ ন্যানোমিটারের সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অধিক কার্যকর প্রসেসরের কারণে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে স্মার্টফোনের পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। কারণ নতুন চিপসেটটি ৬২ শতাংশ কম শক্তি খরচ করে এবং ১২ ন্যানোমিটার প্রসেসরের তুলনায় ৪৬ শতাংশ বেশি কর্মক্ষমতাসম্পন্ন।

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে রিয়েলমি ৯ আই ডিভাইসটিতে প্রথমবারের মতো ৩৩ ওয়াটের ডার্ট চার্জিং সলিউশন দেয়া হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইসটি আগের জেনারেশনের চার্জিং সলিউশন থেকে ৩৬ শতাংশ দ্রুত চার্জ করতে পারবে এবং মাত্র ১ ঘণ্টা ১০ মিনিটে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় ৪৮ ঘণ্টার বেশি টকটাইম পাওয়া যাবে। 

৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল এইচডি প্লাস ডিসপ্লে সুবিধার রিয়েলমি ৯ আই স্মার্টফোনটিতে নির্বিঘ্ন অভিজ্ঞতা ও শক্তি সাশ্রয়ের জন্য পাঁচ স্তরের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এছাড়া ডিভাইসটিতে হাই রেস ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে। বাহ্যিক দিক থেকেও ডিভাইসটি খুবই আকর্ষণীয়। এতে স্টেরিও প্রিজম ডিজাইন ব্যবহার করা হয়েছে। যেটিতে আট স্তরের অপটিক্যাল কোটিং ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য ডিভাইসটিতে বিভিন্ন ফিচার ব্যবহার করা হয়েছে। অতিস্বচ্ছ ছবি তোলার জন্য ৫০ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে নাইট মোড, প্যানারোমিক ভিউ, টাইম-ল্যাপস, পোর্ট্রেট মোড এবং এআই বিউটি মোডও রয়েছে। সেলফির জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

বাজারে প্রিজম ব্লু ও ব্ল্যাক দুই রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। স্মার্টফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণটির মূল্য ১৯ হাজার ৪৯০ টাকা এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণটির মূল্য ১৭ হাজার ৪৯০ টাকা।