স্মার্টফোনে মূল্যছাড়ের ছড়াছড়ি আর উপহার প্রাপ্তি মিলিয়ে শেষ হলো তিনদিনের জমজমাট স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০২২। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিনদিনের এ মেলার শেষ দিনে ছিল নানা বয়সী দর্শনার্থীর ভিড়। প্রতিটি স্টলেই ফাইভজি স্মার্টফোন নিয়ে দর্শকের আগ্রহ লক্ষ করা গেছে।
ফোন কেনা, ট্যাব দেখার পাশাপাশি নানা বয়সী প্রযুক্তিপ্রেমীর ভিড় ছিল টেলিটকের স্টলে। সেখানে ফাইভজি প্রযুক্তির সুবিধার সরাসরি অভিজ্ঞতা নিয়েছেন অনেকেই।
শেষ দিন সকাল থেকেই স্বাস্থ্য সুরক্ষা মেনে মেলায় প্রবেশ করে দর্শকরা। বিভিন্ন অফার ও আকর্ষণীয় উপহারসামগ্রীর বিষয় আকর্ষণ করেছে দর্শককে। মেলায় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল কোম্পানিগুলো ৪ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত দিয়েছে বিশেষ মূল্যছাড়। মূল্যছাড়ের পাশাপাশি মোবাইল কিনে পাওয়া যাচ্ছে লটারি এবং লটারি থেকে পুরস্কার হিসেবে ভাগ্যবান বিজয়ী পেয়েছেন ৩২ ইঞ্চি টেলিভিশনসহ নানা উপহার।
এবারের সফল মেলার আয়োজক মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান বলেন, মেলার আয়োজনে দর্শনার্থীদের উপস্থিতিতে আমরা খুবই খুশি। নতুন বেশকিছু স্মার্টফোন মেলার মাধ্যমে উন্মোচন হয়েছে। দর্শনার্থীরা ফাইভজি প্রযুক্তির সুবিধা সরাসরি দেখার সুযোগ পেয়েছে।
মেলায় কোনো ধরনের টিকিট ছাড়াই প্রবেশের সুযোগ ছিল। তবে মাস্ক না পরা অবস্থায় কাউকে মেলায় প্রবেশ করতে দেয়া হয়নি। প্রবেশদ্বারে ছিল তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা।
সবসময়ের মতো এবারো সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ পেয়েছে যারা মেলায় এসেছে তারা। স্যামসাং, অপো, রিয়েলমি, শাওমি, টেকনো, ভিভো, ওয়ালটন, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ছিল মেলায়। এছাড়া স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গ্যাজেট ও অ্যাকসেসরিজ নিয়েও ছিল বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন।
এবারের মেলার পৃষ্ঠপোষকতায় ছিল স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, টেকনো ও ডিএক্স। মেলার টেকনোলজি পার্টনার ছিল হুয়াওয়ে এবং লজিস্টিক পার্টনার ছিল ই-কুরিয়ার।










