আন্তর্জাতিক আইন মেনে উন্মুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সাইবারস্পেস তৈরিতে এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত ও অস্ট্রেলিয়া। পাশাপাশি প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি নষ্টের বিষয়ে নিন্দা প্রকাশ করেছে দেশ দুটি। খবর পিটিআই।

সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অস্ট্রেলিয়ার মারিস পেইন আলোচনা শেষে যৌথ বিবৃতিতে এ কথা জানান। তারা বলেন, ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কোন্নয়নের গুরুত্বপূর্ণ অংশে সাইবার গভর্ন্যান্স, সাইবার নিরাপত্তা, কর্মক্ষমতার উন্নয়ন, নতুন উদ্ভাবন, ডিজিটাল অর্থনীতি, সাইবার ও গুরুত্বপূর্ণ প্রযুক্তির ব্যবহার অত্যাবশ্যকীয়।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের মন্ত্রী আন্তর্জাতিক আইন মেনে উন্মুক্ত, প্রবেশযোগ্য, স্থিতিশীল, নিরাপদ, শান্তিপূর্ণ এবং আন্তঃব্যবহারযোগ্য সাইবারস্পেস ও প্রযুক্তি ব্যবহার নিশ্চিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি তারা সাইবারস্পেস ও সাইবার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি নষ্টের বিষয়ে নিন্দা প্রকাশ করেছেন। সেই সঙ্গে সাইবারস্পেস ও উদীয়মান প্রযুক্তির আন্তর্জাতিক মান, নিয়ম ও কাঠামো উন্নয়নে জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

ভারত ও অস্ট্রেলিয়ার মন্ত্রী সাইবারস্পেস ও প্রযুক্তির ডিজাইন, উন্নয়ন ও ব্যবহারে নারীর ক্ষমতায়নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি রাষ্ট্রের অভ্যন্তর বা বাইরে থেকে কেউ যদি প্রযুক্তির অপব্যবহার করে ক্ষতি করতে চায়, তাহলে দুই দেশ সম্মিলিতভাবে তা প্রতিহতের অঙ্গীকার করেছে। দেশ দুটি টেলিযোগাযোগ নেটওয়ার্কের নিরাপত্তা ও স্থিতিস্থাপকতার বিষয়ে গুরুত্বারোপ করেছে এবং ফাইভজি, সিক্সজিসহ পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কের সুরক্ষায় একত্রে কাজ করার কথা জানিয়েছে।

বৈঠকে দুই দেশের মন্ত্রী টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সাইবারস্পেস ও সাইবার প্রযুক্তির অবিচ্ছেদ্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন। বিবৃতিতে মন্ত্রীরা প্রযুক্তি ও পণ্যের বিবিধ উৎসের গুরুত্বও অনুধাবন করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করার বিষয়টিতে গুরুত্ব দিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ অঞ্চলের সাইবার সক্ষমতাকে সহযোগিতামূলকভাবে উন্নত করতে ইন্দো-প্যাসিফিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হন। প্রযুক্তিকে যেভাবে তৈরি করা হয়েছে, দিন দিন যেভাবে এর উন্নয়ন ও ব্যবহার হয়েছে, দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ভিত্তিতে সেভাবে এর চর্চার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

ভারতের বেঙ্গালুরুতে জটিল ও উদীয়মান প্রযুক্তি নীতির যে উত্কর্ষ কেন্দ্র রয়েছে, সেটি সাইবার ও জটিল প্রযুক্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য উভয় দেশের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির নিদর্শন। ভারতের বেঙ্গালুরুতে দূতাবাস চালুর বিষয়ে অস্ট্রেলিয়ার সরকারের আগ্রহকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ২০২০ সালের জুনে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক অংশীদারিত্বের অধীনে সাইবার ও সাইবার নির্ভর প্রযুক্তি সহায়তা চুক্তি সম্পন্ন হয়। দুই দেশের প্রতিনিধিই এ সহযোগিতার পরিধি বাড়ানোর সিদ্বান্তকে স্বাগত জানিয়েছেন। ২০২৩ সালে ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে পরবর্তী সাইবার ফ্রেমওয়ার্ক ডায়ালগ অনুষ্ঠিত হবে বলে সূত্রে জানা গেছে।