স্পেসেস রেকর্ডিংস নামে একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে টুইটার। এতে প্রোগ্রাম উপস্থাপকরা পুরনো অডিও রেকর্ডিং টুইটে শেয়ার করতে পারবেন। খবর টেক ক্রাঞ্চ।

যখন উপস্থাপকরা ওই রেকর্ডিং শেয়ার করবেন তখন তিনি দেখতে পারবেন কতজন শ্রোতা ওই লাইভে জয়েন করেছেন এবং ওই রেকর্ডিং কতজন রিপ্লে করেছে। উপস্থাপক যখন কোনো স্পেস চালু করবেন তখন লাইভ স্পেসে একটি রেকর্ড বাটন দেখা যাবে, যার পাশে থাকবে একটি লাল ডট। পরবর্তী সময়ে কোনো রেকর্ডিং শেয়ারের সময় এডিট করতে পারবেন আয়োজকরা। এতে অনেক অপ্রীতিকর অংশ বাদ দেয়া সম্ভব হবে। গত নভেম্বরে রিপ্লে নামে একই ধরনের ফিচার চালু করেছিল অডিও শেয়ারিং প্লাটফর্ম ক্লাবহাউজ।

করোনাকালে জনপ্রিয় হয়ে ওঠা অডিও সেবার সম্ভাবনার কথা মাথায় রেখে স্পেসেস ফিচারে মনোযোগ বাড়িয়েছে টুইটার। কিন্তু চলার পথে বেশকিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে সেবাটি। বর্ণবাদী ও ঘৃণামূলক বিভিন্ন কনটেন্ট ফিডে চলে আসছে বলে অভিযোগ করে আসছেন অনেক ব্যবহারকারী।