দক্ষিণ কোরিয়াভিত্তিক এসকে গ্রুপ মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোয়ালকমের সঙ্গে একটি নতুন হাইপার স্পিড মেমোরি চিপ তৈরির বিষয়ে আলোচনা করেছে। বৈশ্বিক চিপ সংকটের মাঝে ডাটা সেন্টারের জন্য উপযোগী দ্রুত ক্ষমতাসম্পন্ন হাইপার চিপ উদ্ভাবনের প্রস্তাব দিয়েছে এসকে গ্রুপ। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রযুক্তি শাখা এসকে স্কয়ার এ তথ্য নিশ্চিত করেছে। খবর কোরিয়া হেরাল্ড।

এসকে স্কয়ার জানিয়েছে, ঊর্ধ্বমুখী চাহিদা পূরণে নতুন চিপগুলো ডাটা সেন্টার কার্যক্রমের জন্য অ্যাপ্লিকেশন চালু করবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডাইনামিক র্যান্ডম অ্যাকসেস মেমোরি বা ডির্যাম ও চতুর্থ বৃহত্তম ন্যান্ড ফ্ল্যাশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকে হাইনিক্সও হাইপার চিপ উদ্ভাবনে কাজ করবে। গত বছর অক্টোবরে এসকে হাইনিক্স সর্বাধুনিক ব্যান্ডউইডথসম্পন্ন মেমোরি চিপ উদ্ভাবনের খবর দেয়।

দি ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) ২০২২-এ অংশগ্রহণ করেন এসকে স্কয়ার ও এসকে হাইনিক্সের ভাইস প্রেসিডেন্ট পার্ক জং হো ও কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ানো অ্যামন। সেমিকন্ডাক্টর, পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ও তথ্যপ্রযুক্তিতে উন্নয়ন সাধনের বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন তারা। এক বিবৃতিতে পার্ক জানান, তথ্যপ্রযুক্তি শিল্প খাতে প্রতিযোগিতা বেড়েছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে। এ সময় বৈশ্বিক সহযোগিতা আবশ্যক।