ভিয়েতনামে গত বছর স্মার্টফোন বিক্রি ১৫ শতাংশ বেড়েছে। চতুর্থ প্রান্তিকে বিক্রি বেড়েছে ১০৪ শতাংশ। কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সরবরাহ চেইন সংকট ও উপকরণের স্বল্পতার মধ্যেও গত বছর ভিয়েতনামে স্মার্টফোন বিক্রি চাঙ্গা ছিল। ২০২১ সালে ভিয়েতনামে রেকর্ড সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং ও অ্যাপল।
কাউন্টারপয়েন্ট রিসার্চের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট আইভান ল্যাম জানান, অনলাইনের চেয়ে অফলাইন চ্যানেলে স্মার্টফোন বিক্রি হয়েছে বেশি। কয়েক দফা লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে স্মার্টফোনের ডিস্ট্রিবিউশন চেইন। ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে বছরের সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি হয়েছে।
তিনি আরো বলেন, চতুর্থ প্রান্তিকে বিক্রি চাঙ্গা হওয়ার পেছনে বেশ কয়েকটি প্রভাবক ভূমিকা রেখেছে। আইফোন ১৩ উন্মোচন এবং ভিয়েতনামে নতুন চান্দ্রবর্ষ উপলক্ষে চাহিদা বৃদ্ধি এতে ভূমিকা রেখেছে। এছাড়া স্যামসাং ও চীনা ব্র্যান্ডগুলো ভিয়েতনামে তাদের সরবরাহ চেইন ও লজিস্টিকস জোরদারের চেষ্টা চালিয়েছে।
২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ভিয়েতনামে সবচেয়ে দ্রুত সম্প্রসারমাণ ব্র্যান্ড ছিল অ্যাপল। ভিয়েতনামে অ্যাপলের বাজার সম্প্রসারণ নিয়ে আইভান ল্যাম বলেন, ২০২১ সালে ভিয়েতনামে পরিবেশন ও বিপণন কৌশল পরিবর্তন করেছে অ্যাপল। লাজাদা অ্যাপল ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে অনলাইন বিক্রি বাড়িয়েছে।










