২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের বাজারে ফিট প্রো ট্রু ওয়্যারলেস ইয়ারফোন উন্মুক্ত করেছে বিটস। সম্প্রতি বিশ্ববাজারে আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের সহায়ক প্রতিষ্ঠান বিটসের ইয়ারফোনটিতে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি), স্পেশাল
অডিও সাপোর্টসহ এইচওয়ান চিপ রয়েছে।
বিটস ফিট প্রো ট্রু ওয়্যারলেস
ইয়ারফোনে অ্যাপলের মালিকানাধীন ডুয়াল এলিমেন্ট ডায়াফ্রাম ড্রাইভার রয়েছে, যা পরিষ্কার শব্দ শুনতে সহায়তা করবে। ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটিতে ট্রান্সপারেন্সি মোডসহ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচার রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী আশপাশের শব্দ শুনতে পারবে। অ্যাপল ইয়ারপডসে ব্যবহূত তৃতীয় প্রজন্মের এইচওয়ান চিপটি এ ইয়ারফোনে ব্যবহার করা হয়েছে। চিপটি অডিও শেয়ারিংয়ের জন্য স্বয়ংক্রিয়ভাবে বিটসের ইয়ারফোনটি নিয়ন্ত্রণ করে।
নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারফোনে ডায়নামিক হেড ট্র্যাকিং প্রযুক্তি সংবলিত স্পেশাল অডিও সাপোর্ট ফিচার রয়েছে। সিকিউর ফিট উইংটিপসের পাশাপাশি এতে আইপিএক্স৪ রেটিং রয়েছে, যা ঘাম ও পানি থেকে ডিভাইসটি সুরক্ষিত রাখবে। ক্লাস ওয়ান ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে অ্যান্ড্রয়েড বা আইওএসের যেকোনো ডিভাইসের সঙ্গে ইয়ারফোনটি যুক্ত করা যাবে। দুটি ইয়ারবাডে আলাদা আলাদা মাল্টি ফাংশন বাটন রয়েছে। অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপের মাধ্যমে বিটসের ফিট প্রো ট্রু ওয়্যারলেস ইয়ারফোনগুলোর অবস্থান অনুসরণ করা যাবে।
একবার পরিপূর্ণ চার্জের মাধ্যমে এএনসি চালু অবস্থায় বিটস ফিট প্রো ইয়ারফোন ৬ ঘণ্টা এবং বন্ধ অবস্থায় ৭ ঘণ্টা চলতে সক্ষম। কেসের মাধ্যমে ইয়ারবাডসগুলো তিনবার ফুল চার্জ দেয়া যাবে বলে দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে ২৪ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এছাড়া ইউএসবি টাইপ সি কেবলের মাধ্যমে ৫ মিনিট চার্জ দিলে ১ ঘণ্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রের বাজারে বিটস ফিট প্রো ইয়ারফোনের দাম ১৯৯ দশমিক ৯৯ ডলার। যুক্তরাজ্যে ২৯৯ দশমিক ৯৫ পাউন্ড, নিউজিল্যান্ডে ৩৩৯ দশমিক ৯৫ ডলার, ইউরোপে ২২৯ দশমিক ৯৫ ইউরো এবং জাপানে ২৪ হাজার ৮০০ ইয়েন। বর্তমানে কানাডা, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে এটি কেনা যাচ্ছে। বিটস ব্ল্যাক, বিটস হোয়াইট, সেজ গ্রে ও স্টোর পারপল রঙে ইয়ারফোনটি কেনা যাবে। —গ্যাজেটসথ্রিসিক্সটি










