প্লাটফর্মে সম্ভাব্য ক্ষতিকর কনটেন্ট কম দেখাতে পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে ছবি ও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, অ্যালগরিদম ব্যবহার করে ব্যবহারকারীর ফিডে বিভিন্ন পোস্ট দেখানোর বিষয়ে নিয়ন্ত্রণ আনা হবে। খবর এনগ্যাজেট।
নিয়ন্ত্রণের পাশাপাশি যেসব কনটেন্টে হয়রানি, ঘৃণা ছড়ানোর মতো বক্তব্য থাকবে ও সহিংসতাকে উদ্বুদ্ধ করবে সেগুলোকে স্টোরিজেও অগ্রাধিকার দেয়া হবে না। ইনস্টাগ্রামের বর্তমান নিয়মেই অবশ্য এসব কনটেন্টের বেশির ভাগ নিষিদ্ধ করা হয়। নতুন এ পরিবর্তনের ফলে সীমান্তরেখায় থাকা সেসব কনটেন্ট প্রভাবিত হবে, যেগুলো চলমান সিস্টেম দিয়ে চিহ্নিত করা যায় না বা যেগুলো এখনো অ্যাপের মডারেটরদের হাতে পৌঁছায়নি।
নিয়মনীতির নতুন এই আপডেট সম্পর্কে প্রতিষ্ঠানটি বলেছে, এর মাধ্যমে কোনো নীতিভঙ্গ করবে কিনা সে বিষয়টি দেখা হবে। আমরা নজর রাখব, এমন কোনো ক্যাপশন দেয়া হলো কিনা যেগুলো আগে আমাদের নিয়ম ভঙ্গ করেছিল।
এখন পর্যন্ত ইনস্টাগ্রাম আপত্তিকর সব কনটেন্ট মুছে ফেলার চেষ্টা করে এসেছে। কিন্তু এ ধরনের কনটেন্ট পোস্টকারীদের অনুসরণকারীর কাছে কীভাবে উপস্থাপন হবে সে জায়গায় কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন আপডেট অনুসারে যেসব পোস্ট আগে একবার রিমুভ করা হয়েছে সেগুলো অনুসরণকারীদের কাছেও কম দৃশ্যমান হবে।
এমনকি এখন ব্যবহারকারীর রিপোর্ট করার ইতিহাসও বিবেচনায় রাখবে ইনস্টাগ্রাম। সেভাবেই তার ফিডে পোস্ট দেখানো হবে। যদিও প্লাটফর্মটি বলছে, নতুন পরিবর্তন শুধু একটি পোস্টকে প্রভাবিত করবে, পোস্টকারীর পুরো অ্যাকাউন্টকে নয়।










