ভারতীয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিওর সঙ্গে যৌথভাবে ফাইভজি নেটওয়ার্কের পরীক্ষা চালাবে চীনের প্রযুক্তি জায়ান্ট অপো। মিডব্যান্ডে ৩ দশমিক ৩ থেকে ৩ দশমিক ৬ গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে এটি পরিচালিত হবে। খবর গিজমোচায়না।

এক বিবৃতিতে অপো জানায়, রেনো ৭ স্মার্টফোনের ডেমো সেটআপে ফাইভজি পরীক্ষা সফল হয়। এতে ডিভাইসটিতে নিরবচ্ছিন্নভাবে ফোরকে ভিডিও স্ট্রিম করা যাবে। পাশাপাশি ডাউনলোড ও আপলোড গতিও অনেক দ্রুত হবে।

মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতের বাজারে রেনো ৭ প্রো স্মার্টফোন বাজারজাত শুরু করে অপো। তবে এ ডিভাইসের তুলনায় রেনো ৭ অপেক্ষাকৃত বেশি গতিসম্পন্ন ও উন্নত। স্মার্টফোনটি ব্যবহারে দেশের যেকোনো প্রান্তে ফাইভজি সুবিধা পাওয়া যাবে। অপো রেনো ৭-এর বর্তমান বাজারমূল্য ২৮ হাজার ৯৯৯ রুপি।

অপোর ভারতীয় শাখার গবেষণা ও উন্নয়নের সহসভাপতি তাসলিম আরিফ এক বিবৃতিতে জানান, ফাইভজির মতো প্রযুক্তি বিশ্বে যোগাযোগের উপায় বদলে দিচ্ছে। ফাইভজি পরীক্ষাগুলোর মাধ্যমে যোগাযোগ শিল্পে আমাদের প্রচেষ্টা আরো দৃঢ় হবে। ফলে ভোক্তাদের আমরা শ্রেষ্ঠ সুবিধা দিতে পারব।